যৌতুক না পেয়ে গৃহবধূকে অমানুষিক নির্যাতন?
বিয়ের ২৫ দিনের মাথায় যৌতুক না পেয়ে এক গৃহবধূকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পাবনার ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের জয়নগরের শিমুলতলা গ্রামে গত সোমবার বিকেলে এ ঘটনা ঘটেছে।
নির্যাতিত ওই গৃহবধূর নাম মঞ্জুয়ারা খাতুন (৩০)। তিন দিন ধরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মঞ্জুয়ারা শহরের নারিচা গ্রামের মনছুর আলীর মেয়ে।
মঞ্জুয়ারা জানান, গত ৩১ অক্টোবর উপজেলার জয়নগরের ইয়াকুব আলী সরকারের ছেলে মনোয়ার হোসেনের সঙ্গে তাঁর দ্বিতীয় বিয়ে হয়। সুজনের আগের স্ত্রী ও সন্তান রয়েছে। তবুও বিয়ের সময় ব্যবসার কথা বলে মনোয়ার পাঁচ লাখ টাকা যৌতুক হিসেবে নেয়। বিয়ের পর আবারও যৌতুকের টাকা দাবি করে আসছিল মনোয়ার ও তাঁর পরিবার। এ জন্য তাঁকে প্রায়ই মারধর করা হতো।
মঞ্জুয়ারা অভিযোগ করেন, গত সোমবার বেলা সাড়ে তিনটার দিকে তিনি শ্বশুরবাড়ি থাকা অবস্থায় মনোয়ারের পরিবারের লোকজন তাঁর কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। এতে রাজি না হওয়ায় কথা-কাটাকাটির একপর্যায়ে মনোয়ার ও তাঁর বাবা ইয়াকুব আলীসহ পরিবারের অন্য সদস্যরা তাঁকে কিল-ঘুষি-লাথি মারেন ও কাঠের বাটাম দিয়ে বেধড়ক পেটান। একপর্যায়ে বঁটি দিয়ে কোপান। এ সময় তাঁর মাথার চুল ছিঁড়ে ও কেটে ফেলা হয়। বাড়ির বাইরে রাস্তায় নিয়ে জনসমক্ষে বেধড়ক পেটাতে থাকলে একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে তাঁর খালাতো ভাই রুবেল এসে রাস্তা থেকে তাঁকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন আইরিন আফরোজ জানান, ধারালো অস্ত্রের আঘাতে মঞ্জুয়ারার ডান হাতে ও পায়ে চার-পাঁচটি বড় ধরনের ক্ষত হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে বহু আঘাতের চিহ্ন রয়েছে।
মঞ্জুয়ারার মা জাহিদা বেগম অভিযোগ করেন, যৌতুকের টাকা না পেয়ে হত্যার উদ্দেশ্যে শ্বশুরবাড়ির লোকেরা তাঁর মেয়েকে পিটিয়ে আহত করেছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, মঙ্গলবার সন্ধ্যায় মঞ্জুয়ারা বাদী হয়ে স্বামী ও শ্বশুর-শাশুড়িসহ পাঁচজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে যৌতুক এবং অন্য কিছু সমস্যা নিয়ে মারধর করার প্রমাণ মিলেছে। তবে পূর্ণাঙ্গ তদন্ত করতে আরও সময় লাগবে।