যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকের জন্য এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত ওই গৃহবধূকে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী গৃহবধূর নাম মাসুমা খান (২২)। তিনি তারাগঞ্জ উপজেলার পশ্চিম কুর্শা গ্রামের ইদ্রিস খানের মেয়ে। ২০১৪ সালের ১৩ ডিসেম্বর তাঁর সঙ্গে বদরগঞ্জ উপজেলার খালিসাপাড়া গ্রামের তাহাবুল ইসলামের (২৬) বিয়ে হয়।
গৃহবধূ মাসুমা ও তাঁর পরিবারের অভিযোগ, বিয়ের পর যৌতুক হিসেবে তাহাবুলকে ১ লাখ ১৫ হাজার টাকা ও ৪০ হাজার টাকার আসবাব দেওয়া হয়। গত অক্টোবরে ব্যবসা করার জন্য আরও দুই লাখ টাকা দাবি করেন তাহাবুল। ওই টাকার জন্য তিনি প্রায়ই মাসুমাকে নির্যাতন করতেন। গত শুক্রবার সকালে আবারও বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য মাসুমাকে চাপ দেওয়া হয়। এতে রাজি না হলে তাঁকে বেদম মারধর করা হয়। একপর্যায়ে অচেতন হয়ে পড়েন মাসুমা। ঘটনাটি লোকমুখে জেনে মাসুমার বাবা ও ভাই তাহাবুলদের বাড়িতে ছুটে যান। তাঁরা সেখান থেকে মাসুমাকে উদ্ধার করে সন্ধ্যায় তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।
গতকাল সোমবার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, মহিলা ওয়ার্ডের শয্যায় মাসুমা ব্যথায় কাতরাচ্ছেন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন। তিনি জানান, টাকা এনে না দেওয়ায় স্বামী প্রথমে তাঁকে লাঠি দিয়ে পিটিয়েছেন। পরে তাঁর দুই হাত বেঁধে কোমরের বেল্ট দিয়ে পেটানো হয়েছে।
যোগাযোগ করলে তাহাবুল তাঁর স্ত্রীকে যৌতুকের কারণে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন।