যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতন, স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলায় যৌতুকের জন্য এসমোতারা বেগম (২৩) নামের এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত মঙ্গলবার এসমোতারার স্বামী হোসেন আলীকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গৃহবধূ এসমোতারা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার হাজিপুর গ্রামের মমতাজ হোসেনের মেয়ে এসমোতারার সঙ্গে ছয় বছর আগে দিঘলপাড়া গ্রামের তছলিম উদ্দিনের ছেলে হোসেনের বিয়ে হয়। হোসেন ও তাঁর পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে বিয়ের পর যৌতুক হিসেবে ৭৫ হাজার টাকা, ২৭ হাজার টাকার আসবাব দেয় এসমোতারার পরিবার। গত জুলাই মাসে ব্যবসা করতে হোসেন তাঁর শ্বশুরবাড়ির কাছে টাকা চান। কিন্তু তারা দেয়নি। গত শুক্রবার সকালে এসমোতারাকে ৫০ হাজার টাকা বাবার বাড়ি থেকে আনার জন্য চাপ দেন হোসেন। এতে অস্বীকৃতি জানালে হোসেন তাঁকে বেদম মারধর করেন। একপর্যায়ে এসমোতারা সংজ্ঞা হারিয়ে ফেলেন।
এসমোতারা অভিযোগ করেন, স্বামীর এই নির্যাতনে তাঁর শ্বশুরবাড়ির লোকজন সহযোগিতা করেছে। এ ব্যাপারে তিনি হোসেনহ ছয়জনের বিরুদ্ধে মঙ্গলবার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।
তবে থানা হেফাজতে হোসেন বলেন, ‘ওকে (এসমোতারা) বলেছিলাম কিছু টাকা বাবার বাড়ি থেকে নিয়ে আয়। ব্যবসা করে আমাদের একমাত্র মেয়ে রুমানা বেগমের ভবিষ্যতের জন্য সঞ্চয় করি। তা না শুনায় রাগ হয়ে একটু মেরেছি।’