যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুক না পেয়ে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় এক গৃহবধূকে তাঁর স্বামী নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ২২ ডিসেম্বর ওই নারী নির্যাতনের শিকার হন। গতকাল রোববার বিকেলে ওই গৃহবধূ বাদী হয়ে তাঁর স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
নির্যাতনের শিকার ওই গৃহবধূ হলেন উপজেলার বুড়িখালী গ্রামের নাজমিন বেগম (২৩)।
হাসপাতালে চিকিৎসাধীন নাজমিন বেগম গতকাল দুপুরে অভিযোগ করেন, সাত বছর আগে উপজেলার হোগলাবুনিয়া গ্রামের মিল্টন ফকিরের (৩০) সঙ্গে তাঁর বিয়ে হয়। সম্প্রতি মিল্টন তাঁকে বাবার বাড়ি থেকে দুই লাখ টাকা এনে দিতে বলেন। কিন্তু তিনি ওই টাকা আনতে অস্বীকৃতি জানালে তাঁর ওপর শারীরিক নির্যাতন শুরু করেন মিল্টন। ২২ ডিসেম্বর রাতে মিল্টন নাজমিনকে বৈদ্যুতিক শক দেন। এ সময় তিনি চিৎকার করলে মুখের মধ্যে কাপড় গুঁজে তাঁকে বালতির পানিতে চোবানো হয়। এরপর মারধর করে তাঁকে ঘরে আটকে রাখেন। খবর পেয়ে গত শুক্রবার তাঁর ভাই ইব্রাহিম তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শোভন রায় চৌধুরী বলেন, রোগী গুরুতর অসুস্থ হওয়ায় তাঁর উন্নত চিকিৎসার জন্য বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
অভিযোগ অস্বীকার করে মিল্টন ফকির বলেন, নাজমিন কয়েক দিন ধরে অসংলগ্ন কথা বলছেন।