যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার এক সপ্তাহ পার হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। গতকাল মঙ্গলবার গৃহবধূ সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
নির্যাতনের শিকার গৃহবধূর নাম আরফিন আরা খাতুন (২৫)। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, ‘২০০৯ সালে ভাদিয়ালি গ্রামের মিথুন রানার সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ের প্রথম দুই বছরে কয়েক দফায় বাবা মিথুনকে চার লাখ টাকা যৌতুক দেন। শ্বশুরের ভিটা না থাকায় বাবা তিন কাঠা জমি কিনে আমাদের বাড়ি করে দেন। কিছুদিন পরই ওই জমি আমার কাছ থেকে মিথুন হেবা দলিল করে নেয়। একই সঙ্গে চলতে থাকে নির্যাতন। মিথুনের বিদেশ যাওয়ার জন্য ফের তিন লাখ টাকা যৌতুক চাওয়া হয়। তখন বাবা আর টাকা দিতে রাজি হননি। নির্যাতন সহ্য করতে না পেরে যৌতুক আইন ও হেবা দলিলের জন্য মামলা করি।’
গৃহবধূ আরফিন আরা খাতুন আরও বলেন, ‘গত ১৪ এপ্রিল মিথুন আমাকে তালাকনামা পাঠায়। ২১ এপ্রিল আমি বাবার দেওয়া বাড়িতে গেলে স্বামী-শ্বশুরসহ অন্যরা আমাকে ঘরে আটকে রেখে বেদম পেটায়। তারা ছুরি দিয়ে আমার মাথা ও হাতে আঘাত করে। আমাকে হত্যার উদ্দেশ্যে ছাদ থেকে ফেলে দেয়। এতে আমার পাঁজর ও মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে।’