যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যা?
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় যৌতুক না পেয়ে রিপা খাতুন (২৫) নামের এক গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকজন শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে উপজেলার সাকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিপা নীলফামারীর জলঢাকা উপজেলার আবদুর রহমানের মেয়ে। এ ঘটনায় পুলিশ ওই গৃহবধূর শাশুড়ি ও স্বামীর ভাইকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, প্রায় তিন বছর আগে সাকুড়ি গ্রামের জীবন আলীর ছেলে মনিরুল ইসলামের সঙ্গে রিপা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য রিপা খাতুনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন তাঁর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন।
এরই ধারাবাহিকতায় বুধবার রাতে ঝগড়ার একপর্যায়ে মনিরুল শ্বাসরোধ করে রিপাকে হত্যার পর মুখে বিষ ঢেলে দিয়ে বাড়ি থেকে পালিয়ে যান। গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। সকাল সাড়ে আটটার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে এবং প্রতিবেশীদের দেওয়া তথ্যের ভিত্তিতে রিপার শাশুড়ি মনোয়ারা খাতুন ও স্বামীর ভাই জুনায়েদ আলীকে আটক করে।