যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যা?
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার দাঁদপুর গ্রাম থেকে গতকাল বুধবার সকালে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে পিটিয়ে হত্যা করে শ্বশুরবাড়ির লোকজন লাশ ঝুলিয়ে রেখেছে বলে অভিযোগ উঠেছে। ওই গৃহবধূর নাম জেসমিন খাতুন (২৬)। তিনি দাঁদপুর গ্রামের আবু মুসার স্ত্রী।
জেসমিনের বাবা যশোরের কেশবপুর উপজেলার বরণডালী গ্রামের বজলু সানা জানান, তাঁর জামাই আবু মুসা ফেনীর একটি ইটভাটায় কাজ করেন। বাড়িতে না থাকার সুযোগে শ্বশুর মহিদুল ইসলাম ও শাশুড়ি রাবেয়া খাতুন যৌতুকের জন্য প্রায়ই জেসমিনকে মারধর করতেন। সম্প্রতি তাঁর শ্বশুর ও শাশুড়ি তাঁকে বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা যৌতুক হিসেবে আনতে বলেন। কিন্তু জেসমিন এ টাকা আনতে অপারগতা জানান। এর জের ধরে মঙ্গলবার রাতে শ্বশুর ও শাশুড়ি তাঁকে বেধড়ক মারধর করেন। গতকাল ভোরে তাঁর মৃত্যু হয়। একপর্যায়ে ঘটনা ধামাচাপা দিতে জেসমিনকে ঘরের আড়ায় ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করা হয়।