যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় যৌতুক না পেয়ে নূপুর রানি সাহা (২০) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ বাগেরহাট সদর হাসপাতাল এলাকা থেকে নিহত গৃহবধূর শ্বশুর সুধীর সাহাকে (৫৮) আটক করেছে।
গতকাল রোববার দুপুরে ওই গৃহবধূর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে পুলিশ তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় নিহত নূপুর রানির বাবা মন্টু সাহা বাদী হয়ে জামাতা দেবাশীষ সাহা, শ্বশুর সুধীর সাহাসহ পাঁচজনের নাম উল্লেখ করে বাগেরহাট মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন।
নিহত নূপুর রানি সাহা বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের বলভদ্রপুর গ্রামের মন্টু সাহার মেয়ে। তাঁর শুভশ্রী সাহা নামে এক বছরের একটি কন্যাসন্তান রয়েছে।
গতকাল দুপুরে হাসপাতালে মন্টু সাহা জানান, তিন বছর আগে তাঁর মেয়ে নূপুর রানি সাহার সঙ্গে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকার সুধীর সাহার ছেলে দেবাশীষ সাহার বিয়ে হয়। বিয়ের সময় তিনি জামাতাকে ধারদেনা করে ৭০ হাজার টাকা, দুই ভরি সোনার গয়নাসহ অন্য মালামাল দেন। বিয়ের কিছুদিন যেতে না যেতেই দেবাশীষ ব্যবসা করতে এক লাখ টাকা যৌতুক দাবি করেন। এই যৌতুকের টাকা জন্য দেবাশীষ প্রায়ই নূপুরকে নির্যাতন করতেন। মেয়ের ওপর নির্যাতন করায় চার মাস আগে মেয়েকে বাড়িতে নিয়ে আসা হয়। আট দিন আগে জামাতা বাড়িতে এসে আর যৌতুক নেবেন না বললে নূপুরকে তাঁর সঙ্গে যেতে দেওয়া হয়। কিন্তু শনিবার সন্ধ্যায় পুলিশের কাছ থেকে খবর পেয়ে হাসপাতালে এসে মেয়েকে মৃত অবস্থায় পাওয়া যায়। জামাতাসহ তাঁর পরিবারের সদস্যরা নূপুরকে শ্বাসরোধে হত্যা করে লাশ হাসপাতালে ফেলে পালিয়ে যান। তখন বেয়াই সুধীরকে পুলিশ আটক করে। এ হত্যার বিচার দাবি করেন মন্টু সাহা।
বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা রমজান গাজী এই প্রতিবেদককে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। নূপুর সাহার শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে রেখে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে নূপুরের শ্বশুর সুধীর সাহাকে ধরে ফেলে। বাকিরা পালিয়ে যান। নূপুরকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।