যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ
যৌতুক না পেয়ে এক গৃহবধূকে তাঁর স্বামী হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার তিনি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত গৃহবধূর নাম সেলিনা পারভীন (৩৫)। তিনি চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন। এ ঘটনায় তাঁর স্বামী শফিউল্লাহকে আটক করেছে পুলিশ। তবে তিনি নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন।
নিহত গৃহবধূর বড় ভাই সরদার ফিরোজ আহমেদ অভিযোগ করেন, ১৩ বছর আগে সেলিনার সঙ্গে নড়াইলের মাইজপাড়া-হোসেনপুর গ্রামের শফিউল্লাহর বিয়ে হয়। বিয়ের পর থেকে তিনি যৌতুকের জন্য সেলিনাকে চাপ দিয়ে আসছিলেন। পাঁচ বছর আগে শফিউল্লাহ মালয়েশিয়ায় যান। সে জন্য তাঁকে তিন লাখ টাকা দেওয়া হয়। সম্প্রতি তিনি মালয়েশিয়া থেকে দেশে ফিরে তিন-চার বিঘা জমি কেনেন। ওই জমি রেজিস্ট্রির জন্য এক লাখ টাকা চেয়ে না পেয়ে তাঁর বোনের ওপর নির্যাতন করতে থাকেন। বুধবারও বেদম মারধর করেন। এরপর শফিউল্লাহ মুমূর্ষু অবস্থায় সেলিনাকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে ও বিকেলে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে তাঁকে রেখে চলে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে সেলিনা মারা যান।
শফিউল্লাহ বলেন, স্ত্রীর সঙ্গে তাঁর কোনো ঝগড়া ছিল না। বুধবার দুপুরে তিনি বাসায় গিয়ে দেখতে পান সেলিনা গলায় ফাঁস দিয়েছেন।