যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ
বগুড়ার ধুনটে যৌতুক না পেয়ে কুলসুম খাতুন (৩১) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূর বাবা কুলসুমের স্বামীসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছেন।
স্থানীয় লোকজন জানান, উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কাদাই গ্রামের বাদু মিয়া তরফদারের দুই ছেলে চান মিয়া ও বিটুল মিয়ার মধ্যে দুই বছর ধরে পারিবারিক বিরোধ ছিল। সেই জের ধরে গত রোববার সকালে চান মিয়ার স্ত্রী কুলসুম খাতুন ও বিটুল মিয়ার স্ত্রী পিনজিরা খাতুনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে কুলসুমকে তাঁর দেবর বিটুল মিয়া ছুরিকাঘাত করেন। স্থানীয় লোকজন কুলসুমকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকালে কুলসুম মারা যান।
মামলায় অভিযোগ করা হয়েছে, ১৫ বছর আগে কুলসুমের সঙ্গে চান মিয়ার বিয়ে হয়। বিয়ের পর তাঁদের কোনো সন্তান হয়নি। এ কারণে চান মিয়া ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন। ওই টাকা না পেলে কুলসুমকে তালাক দিয়ে অন্য স্থানে বিয়ে করার হুমকি দেন। এ ঘটনার জের ধরে কুলসুমকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে চান মিয়া বলেন, ‘আমাদের দুই ভাইয়ের বউদের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে ছোট ভাই বিটুল আমার স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। যৌতুকের কোনো ঘটনা ঘটেনি।’
ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।