যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যৌতুকের কারণে গত শনিবার নির্যাতন করে এক গৃহবধূকে হত্যার অভিযোগে মামলা হয়েছে। গতকাল রোববার টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত হয়েছে।
নিহত গৃহবধূর নাম খাদিজা বেগম (২০)। তিনি পুগলি গ্রামের রাসেল মিয়ার (২৪) স্ত্রী। খাদিজা চামুড়িয়া পোড়াবাড়ি গ্রামের আনিছুর রহমানের মেয়ে।
কালিহাতী থানা-পুলিশ সূত্র জানায়, দুই বছর আগে খাদিজা বেগমের বিয়ে হয়। বিয়ের পর স্বামী রাসেল মিয়া চাকরি নিয়ে মধ্যপ্রাচ্যে চলে যান। সেখান থেকে তিনি যৌতুকের জন্য খাদিজা ও তাঁর বাবা-মাকে চাপ দিতেন। মামলায় অভিযোগ করা হয়, যৌতুকের কারণে প্রায়ই খাদিজাকে শ্বশুরবাড়ির লোকজন মারধর করতেন। শনিবার দুপুরের দিকে রাসেলের পরিবারের লোকেরা নির্যাতন করে খাদিজাকে হত্যা করেন। পরে তাঁরা লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করেন।
থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, ওই রাতেই খাদিজার বাবা আনিছুর রহমান চারজনকে আসামি করে মামলা করেন।