যৌতুক না পেয়ে গৃহবধূর চুল কর্তন, স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুক না পেয়ে রংপুরের বদরগঞ্জে এক গৃহবধূর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার উপজেলার রোস্তমাবাদ মধ্যপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে গত মঙ্গলবার তাঁর স্বামীসহ আটজনকে আসামি করে থানায় মামলা করেছেন।
নির্যাতনের শিকার ওই গৃহবধূ হলেন মধ্যপাড়া গ্রামের আলমিনা বেগম (১৯)। পুলিশ তাঁর স্বামী বুলবুল মিয়াকে (২৫) গ্রেপ্তার করে গতকাল বুধবার কারাগারে পাঠিয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ছয় মাস আগে উপজেলার রোস্তমাবাদ মধ্যপাড়া গ্রামের ট্রাক্টরচালক বুলবুল মিয়ার সঙ্গে উপজেলার দামোদরপুর ইউনিয়নের চানকুঠি গ্রামের আলমিনা বেগমের বিয়ে হয়। বিয়ের সময় বুলবুলকে এক লাখ টাকা যৌতুক দেওয়া হয়। এরপর আরও ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে আসছিলেন তাঁর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। যৌতুক না দেওয়ায় প্রায় সময় আলমিনাকে মারধর করা হতো।
আলমিনার অভিযোগ, জ্বর হলে গত শনিবার রাতে কৌশলে তাঁকে ঘুমের চারটি ট্যাবলেট খাওয়ান বুলবুল। এরপর তিনি কাঁচি দিয়ে তাঁর মাথার চুল কেটে দেন।
অভিযোগ অস্বীকার করে গতকাল সকালে থানাহাজতে থাকা বুলবুল মিয়া বলেন, তিনি স্ত্রীর মাথার চুল কেটে দেননি। যৌতুকও চাননি। কে চুল কেটে দিয়েছে তা তিনি জানেন না।
বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।