যৌতুক না পেয়ে চুল কাটার ও নির্যাতনের অভিযোগ
বিয়েতে যৌতুক হিসেবে মোটরসাইকেল না দেওয়ায় স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা এক নববধূর (১৯) মাথার চুল কেটে দিয়ে নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গতকাল বুধবার স্বামীসহ চারজনের নাম উল্লেখ করে মামলা করেছেন ওই গৃহবধূর মামা। আসামিরা হলেন স্বামী রহিম মিয়া (২৭), শ্বশুর শাহাবুদ্দিন (৪৫), তাঁদের আত্মীয় আতাউর রহমান (৪০) ও ছইফউল্লাহ (৫৮)। তাঁদের বাড়ি ভোলাগঞ্জে। নির্যাতনের শিকার নারীর বাড়ি একই উপজেলার নারায়ণপুর গ্রামে।
নির্যাতনের শিকার ওই নারী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিতে) চিকিৎসাধীন রয়েছেন। তাঁর মাথার একাংশের চুল কেটে ফেলা ও শরীরের বিভিন্ন জায়গায় জখম থাকার বিষয়টি ওসিসির কর্তব্যরত চিকিৎসক প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় গতকাল বুধবার মামলা নিয়ে একজন উপপরিদর্শককে (এসআই) তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ওই গৃহবধূর মামি, বোনসহ কয়েকজন আত্মীয় বলেন, বাবা না থাকায় মেয়েটি তাঁর এক মামার বাড়িতে বড় হন। গত শুক্রবার আবদুর রহিমের (২৭) সঙ্গে তাঁর বিয়ে হয়। রহিম বিয়েতে একটি মোটরসাইকেল ‘উপহার’ চেয়েছিলেন। গত সোমবার রহিম তাঁর স্ত্রীসহ শ্বশুরবাড়ি (মামাবাড়ি) বেড়াতে যান। ওই দিনও মোটরসাইকেল চান। বিষয়টি যৌতুকের পর্যায়ে পড়ায় রহিমকে সংযত থাকার পরামর্শ দিয়ে তাঁদের বিদায় দেওয়া হয়।
নববধূর মামা বলেন, সোমবার বাড়ি থেকে ফিরে গিয়ে রাতে রহিম তাঁর ভাগনিকে নির্যাতন করেন। পরে রহিমসহ তাঁর পরিবারের সদস্যরা তাঁর ভাগনির মাথার একমুঠো চুল কেটে ফেলে। মঙ্গলবার এ খবর পেয়ে তিনি মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
মামলার তদন্ত কর্মকর্তা কোম্পানীগঞ্জ থানার এসআই শংকর মজুমদার বলেন, ওই নারীকে উদ্ধার করে নিয়ে আসার দিনই বাড়িতে তালা দিয়ে রহিমসহ তাঁর পরিবারের সদস্যরা গা ঢাকা দিয়েছে। তাদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
পলাতক থাকায় রহিম ও তাঁর পরিবারের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।