যৌতুক না পেয়ে দুই গৃহবধূকে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুক দাবি করে না পেয়ে জামালপুরের সরিষাবাড়ীতে এক গৃহবধূকে তাঁর স্বামী লাঠি দিয়ে পিটিয়ে ও খুঁচিয়ে নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। সিলেটে যৌতুক না পেয়ে গত রোববার অপর এক গৃহবধূকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করেছেন।
নির্যাতনের শিকার হওয়া গৃহবধূরা হলেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা গ্রামের ইজ্জত আলীর মেয়ে বিথি আক্তার (২২) ও সিলেটের বিশ্বনাথ উপজেলার পূর্বপাড়া গ্রামের স্বপ্না দাস (২৭)।
বিথি আক্তারের পারিবারিক সূত্রে জানা গেছে, দুই বছর আগে বিথির সঙ্গে সরিষাবাড়ী পৌরসভার কামরাবাদ গ্রামের সোলায়মান হোসেনের (২৫) বিয়ে হয়। ওই সময় বিথির বাবা সোলায়মানকে তিন লাখ টাকা দেন। গত বুধবার রাতে বিথিকে তাঁর বাবার কাছ থেকে আরও এক লাখ টাকা আনতে বলেন সোলায়মান। তাতে রাজি না হওয়ায় দুজনের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে গতকাল সকালে সোলায়মান ও তাঁর পরিবারের লোকজন বিথিকে এলোপাতাড়ি পেটান। পরে বিথির চিৎকারে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা (আরএমও) কর্মকর্তা মমতাজ উদ্দিন বলেন, বিথিকে পিটিয়ে ও খুঁচিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় বিথির মা জেসমিন আক্তার বাদী হয়ে সোলায়মানের বাবা চান মিয়াকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। ঘটনার পর থেকে সোলায়মান ও তাঁর পরিবারের লোকজন পলাতক।
সিলেটের গৃহবধূ স্বপ্না দাস অভিযোগ করেন, ২০১০ সালে কোম্পানীগঞ্জ উপজেলার ছনবাড়ি গ্রামের নিবাস দাসের (৩৬) সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের এক বছর না যেতেই তাঁর স্বামী তাঁকে যৌতুকের জন্য মারধর শুরু করেন। এ অবস্থায় কয়েক দফায় তিনি তাঁর ভাইদের কাছ থেকে চার লাখ টাকা এনে দেন। এরপরও স্বামী ও তাঁর স্বজনেরা ভাইদের কাছ থেকে আরও টাকা এনে দিতে বলেন। কিন্তু টাকা আনতে রাজি না হওয়ায় গত রোববার বিকেলে স্বামী, ননদ দিপালী দাসসহ দেবরেরা লাঠি ও লোহার খুন্তি দিয়ে তাঁকে বেধড়ক পেটান। পরে তাঁকে একটি কক্ষে আটকে রাখা হয়। ঘটনাটি মুঠোফোনের মাধ্যমে তিনি তাঁর এক ভাইকে জানান। পরে তাঁকে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্বপ্নার ভাই শিপন দাস বলেন, ঘটনার পরদিন তিনি কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু এখন পর্যন্ত মামলাটি নথিভুক্ত করা হয়নি। স্ত্রীকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে নিবাস বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে কিছু মনোমালিন্য হয়েছিল। মামলার বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) রুহুল আমিন বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা কামরুজ্জামান বলেন, মোটা কোনো কিছু দিয়ে ওই গৃহবধূকে বেধড়ক পেটানো হয়েছে। এতে তাঁর পিঠ ও হাত গুরুতর জখম হয়েছে। উন্নত চিকিৎসার জন্য পরে তাঁকে সিলেটের ওসমানী হাসপাতালে পাঠানো হয়।