যৌতুক না পেয়ে দুই গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কাহেতুরা গ্রামে যৌতুকের দাবিতে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। একইভাবে যৌতুকের টাকা না পেয়ে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় অন্য এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

নিহত দুই গৃহবধূ হলেন নাসিরনগর উপজেলার কাহেতুরা গ্রামের নাসির মিয়ার স্ত্রী মাহমুদা আক্তার (২৪) এবং জামালগঞ্জ উপজেলার চানপুর গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী নার্গিস আক্তারের (২১)।

নাসিরনগর থানার পুলিশ ও নিহত মাহমুদার পারিবারিক সূত্র জানায়, প্রায় পাঁচ বছর আগে কাহেতুরা গ্রামের বাবর আলীর ছেলে নাসির মিয়ার সঙ্গে একই গ্রামের আক্তার মোল্লার মেয়ে মাহমুদার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য উভয়ের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে একাধিকবার সালিস বৈঠকও হয়েছে। আক্তার মোল্লা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার দুপুরে মাহমুদার ওপর নির্যাতন চালায় স্বামী নাসির মিয়াসহ শ্বশুরবাড়ির লোকজন। এতে অন্তঃসত্ত্বা মাহমুদা সংজ্ঞাহীন হয়ে পড়েন। এ সময় তাঁর মুখে বিষ ঢেলে বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়। রাতে স্থানীয় ব্যক্তিরা বিষয়টি টের পেয়ে তাঁকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে রাতে তিনি (আক্তার মোল্লা) সদর হাসপাতালে যান। অবস্থার অবনতি হলে রাতেই ঢাকায় নেওয়ার পথে মাহমুদা মারা যান। পরে মাহমুদার লাশ বাবার বাড়িতে নেওয়া হয়। গতকাল শুক্রবার সকালে পুলিশ তাঁর লাশ বাবার বাড়ি থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর নাসিরের পরিবারের লোকজন এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। এ বিষয়ে নাসিরনগর থানার ওসি আবদুল কাদির বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

জামালগঞ্জ থানার পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, তিন বছর আগে চানপুর গ্রামের আবদুল হামিদের মেয়ে নার্গিস আক্তারের (২১) বিয়ে হয় একই গ্রামের গোলাম রব্বানীর ছেলে তোফাজ্জল হোসেনের সঙ্গে। আবদুল হামিদ অভিযোগ করেন, বিয়ের পর তোফাজ্জল হোসেন ব্যবসা করার জন্য তাঁদের কাছে দুই লাখ টাকা চান। একপর্যায়ে তাঁরা তোফাজ্জল হোসেনকে ওই টাকা দেন। কিন্তু এই টাকা নিয়ে তিনি কোনো ব্যবসা করেননি। এরপর আবারও তোফাজ্জল টাকার জন্য তাঁদের চাপ দিতে থাকেন। টাকা না পেয়ে নার্গিস আক্তারকে নির্যাতন শুরু করেন তোফাজ্জল ও তাঁর পরিবারের লোকজন। বুধবার রাতেও তাঁরা নার্গিসকে মারধর করেন। এতে তিনি মারা যান। এরপর তাঁদের জানানো হয় নার্গিস বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। গত বহস্পতিবার দুপুরে তোফাজ্জলদের বাড়িতে গিয়ে তাঁরা নার্গিসের লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নার্গিসের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আবদুল হামিদ বলেন, ‘আমার মেয়েকে অমানবিকভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা বিষয়টি পুলিশকে জানানোর পরই তোফাজ্জল হোসেনসহ তার পরিবারের লোকজন লাশ রেখে গ্রাম ছেড়ে পালিয়ে যায়।’

এই ঘটনায় গতকাল আবদুল হামিদ বাদী হয়ে জামালগঞ্জ থানায় তোফাজ্জল হোসেনসহ তাঁর পরিবারের পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘পুলিশ বিষয়টি তদন্ত করছে। আসামিরা পলাতক আছে। আমরা তাদের গ্রেপ্তারের চেষ্টা করছি।’