যৌতুক না পেয়ে নির্যাতন
বরগুনার তালতলীতে যৌতুক না পেয়ে স্বামী তাঁর স্ত্রীর মাথার চুল কেটে দিয়েছেন। এর আগে তিনি স্ত্রীকে সিগারেটের আগুন দিয়ে ছ্যাঁকা দেন বলে অভিযোগ উঠেছে।
নির্যাতনের শিকার হাজেরা বেগমকে (২২) গত সোমবার রাতে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে তাঁর পরিবার। এ ঘটনায় গত মঙ্গলবার পুলিশ তাঁর (হাজেরা) স্বামী সোহেল খানকে আটক করেছে।
হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ হাজেরা বলেন, ২০১০ সালে তাঁর সঙ্গে তালতলী উপজেলার ঝাড়াখালী গ্রামের আইয়ুব খানের ছেলে সোহেল খানের বিয়ে হয়। বিয়ের সময় সোহেলকে দেড় লাখ টাকা দেওয়া হয়। এক বছর পর তাঁদের একটি মেয়ে হয়। এরপর সোহেল যৌতুকের জন্য নানাভাবে তাঁকে (হাজেরা) চাপ দিতে থাকেন। যৌতুক আনতে অস্বীকৃতি জানালে ২০১৪ সালের প্রথম দিকে সোহেল তাঁকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। পরে তাঁর ভাই সোহেলের বাবার কাছে বিষয়টি জানতে চান। বোনকে স্বামীর বাড়িতে না নিলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন। প্রায় এক বছর পর গত ৬ মে তাঁকে সোহেল বাড়িতে নিয়ে যান।
হাজেরা বলেন, বাড়িতে নেওয়ার পর তাঁর ওপর নতুন করে নির্যাতন শুরু করেন স্বামী। প্রতিদিন রাতে সোহেল নেশা করে বাড়ি ফিরতেন আর তাঁকে বেদম মারধর করতেন। গত ২৬ মে মারধর করে সোহেল সিগারেটের আগুন দিয়ে তাঁকে দগ্ধ করেন। ৩১ মে রাতে সোহেল তাঁকে ধান কাটার কাস্তে দিয়ে মারধর করেন, একপর্যায়ে তাঁর মাথার সামনের কিছু চুল কেটে দেন। এ সময় তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে ও তাঁকে রক্ষা করে।
হাজেরার ভাই মো. ফেরদৌস বলেন, ‘৩১ মের পর সোহেলের প্রতিবেশী এক ব্যক্তি আমাকে ফোন করে ঘটনা জানায়। পরদিন আমি সোহেলের বাড়িতে যাই। গিয়ে দেখি, আমার বোন অসুস্থ এবং তাঁর মাথার চুল কাটা। এ বিষয়ে জিজ্ঞেস করলে সোহেল উল্টো আমাকেই মারতে আসে। পরে প্রতিবেশীদের সহযোগিতায় হাজেরাকে বরগুনায় আনি এবং হাসপাতালে ভর্তি করি।’
বরগুনার সিভিল সার্জন রুস্তুম আলী গত মঙ্গলবার হাসপাতালে গিয়ে হাজেরার শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় তিনি বলেন, সিগারেটের আগুন দিয়ে হাজেরার বুক মারাত্মকভাবে দগ্ধ করা হয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বলেন, নির্যাতনের ঘটনায় মঙ্গলবার রাতে হাজেরার ভাই বাদী হয়ে সোহেল, তাঁর মা ও বোনসহ তিনজনকে আসামি করে মামলা করেছেন। তবে মামলা করার আগেই বরগুনা জেলা পুলিশ সুপারের নির্দেশে মঙ্গলবার সোহেল খানকে আটক করা হয়।