যৌতুক না পেয়ে পিটিয়ে গৃহবধূসহ চারজনকে আহত
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জোয়ারদী গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুরে এক গৃহবধূ, তাঁর বাবাসহ পরিবারের চারজনকে পিটিয়ে আহত করা হয়েছে। যৌতুকের টাকা না পেয়ে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন এই হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, দুই বছর আগে জোয়ারদী গ্রামের হানিফ মিয়ার মেয়ে সামিয়া আক্তারের সঙ্গে একই গ্রামের অহিদ মিয়ার ছেলে হান্নান মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে সামিয়ার শ্বশুরবাড়ির লোকজন পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছেন। টাকা না পেয়ে সামিয়ার স্বামী হান্নান মিয়া, শ্বশুর অহিদ মিয়া ও আত্মীয় মোতালেব মিয়া, শহীদ মিয়াসহ পাঁচ-ছয়জন গতকাল দুপুরে সামিয়ার বাবার বাড়িতে হামলা চালিয়ে তাঁকে পিটিয়ে গুরুতর আহত করেন। সামিয়ার বাবা, মা ও ছোট ভাই ঠেকাতে গেলে তাঁদেরও পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় তাঁরা সামিয়ার বাবার বাড়িঘর ও আসবাব ভাঙচুর করেন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হানিফ মিয়া বলেন, ‘বিয়ের পর থেকে হান্নান মিয়া ও তাঁর পরিবারের সদস্যরা আমার মেয়ের ওপর অমানুষিক নির্যাতন চালাচ্ছেন। গতকাল যৌতুকের টাকা না পেয়ে আমার মেয়েকে পিটিয়ে আহত করা হয়। এর প্রতিবাদ করায় আমাদের পিটিয়ে ও কুপিয়ে আহত করে বাড়িঘরের আসবাব ভাঙচুর করা হয়।’
হান্নান মিয়া বলেন, ‘আমার স্ত্রীর সঙ্গে সামান্য বাগ্বিতণ্ডা হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চালানো হচ্ছে।’
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া হয়েছে।