যৌতুক না পেয়ে স্ত্রী ও সম্বন্ধীকে কুপিয়ে জখম
জামালপুরের ইসলামপুরে যৌতুক না পেেয় আশিকুর রহমান নামের এক ব্যক্তি তাঁর স্ত্রী ও সম্বন্ধীকে কুপিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় দুই ভাইবোনকে প্রথমে ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে দরিয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার গৃহবধূ আফরোজা আক্তার সিদ্দিকা ও তাঁর বড় ভাই আজাদ। তাঁদের বাবা এ বি সিদ্দিক বুলবুল অভিযোগ করেন, ঘটনার পরদিন গত শুক্রবার থানায় এ বিষয়ে অভিযোগ দিলেও পুলিশ মামলা নেয়নি।
আফরোজার সঙ্গে প্রায় আট বছর আগে দরিয়াবাদ গ্রামের সাবেক পৌর কাউন্সিলর মজনুর ছেলে আশিকুরের বিয়ে হয়। বিয়ের পর দাবি অনুযায়ী বিভিন্ন সময়ে তাঁকে আফরোজার বাবার পরিবার আসবাব ও টাকা দেয়।
আফরোজার বাবা বলেন, ‘আমার একটি রোগনির্ণয় কেন্দ্র (ডায়াগনস্টিক সেন্টার) আছে। ইদানীং আশিকুর সেটা তাঁর নামে লিখে দিতে ও একটি মোটরসাইকেল কিনে দিতে বলছিলেন।’ তিনি আরও বলেন, এ নিয়ে গত বৃহস্পতিবার বাগ্বিতণ্ডার জের ধরে আফরোজাকে দা দিয়ে কোপান আশিকুর। খবর পেয়ে পুলিশ নিয়ে আজাদ বোনকে উদ্ধার করতে গেলে তাঁকেও কুপিয়ে জখম করেন আশিকুর।
এদিকে আশিকুর বলেন, ‘আজাদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে আফরোজা লাঠি দিয়ে আমাকে মারতে থাকে। তখন আমি তাঁরে বেল্ট দিয়ে মারছি। তবে দা দিয়ে কোপাইনি।’ ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা (এসআই) আবু সায়েম বলেন, ‘পুলিশের সামনে কাউকে কেউ মারধর করেনি। আর অভিযোগটির লেখা ভালো না হওয়া মামলা নিইনি।’