যৌতুক না পেয়ে স্ত্রী-সন্তানকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুক না পেয়ে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় এক গৃহবধূ ও তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার তারালী গ্রামে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধূর স্বামী আবদুর রউফকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত দুজন হলেন সাবিনা ইয়াসমিন (২৬) ও মেয়ে আয়শা সিদ্দিকী (২)। এ ঘটনায় সাবিনার মা জাহানারা খাতুন বাদী হয়ে জামাতা আবদুর রউফের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।
জাহানারা খাতুন অভিযোগ করেন, রউফ মাস খানেক ধরে যৌতুক হিসেবে ৫০ হাজার টাকা ও একটি মোটরসাইকেল দাবি করে আসছিলেন। তাঁরা দিতে অপারগতা প্রকাশ করলে গত ২৯ আগস্ট রউফ তাঁর মেয়ে ও নাতনিকে তাঁদের বাড়িতে (বাবার বাড়ি) পাঠিয়ে দেন। গত শুক্রবার সন্ধ্যায় রউফ তাঁদের বাড়িতে আসেন। পরের দিন সকালে চলে যান। এভাবে চার দিন ধরে প্রতিদিন সন্ধ্যায় তিনি বাড়ি আসতেন, আবার সকালে চলে যেতেন। সোমবার রাতে খাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়েন। রাত একটার পর হঠাৎ শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে তিনি দেখেন রউফ সাইকেল নিয়ে বের হয়ে যাচ্ছেন। এ সময় তিনি সাবিনার ঘরে গিয়ে ওই দুজনকে মৃত অবস্থায় দেখতে পান।
অভিযোগ অস্বীকার করে আবদুর রউফ বলেন, শ্বশুরবাড়ির লোকজন তাঁদের হত্যা করেছে। সহকারী পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মীর মনির হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা ও মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আবদুর রউফকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।