যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ
যৌতুক না পেয়ে শরিয়ত উল্যা নামের এক ব্যক্তি তাঁর স্ত্রী বিবি আয়েশার ওপর নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বিবি আয়েশা ফেনীর দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
বিবি আয়েশার বাবার বাড়ি দাগনভূঞা উপজেলার এয়াকুবপুর ইউনিয়নের পশ্চিম চণ্ডীপুর গ্রামে। প্রায় তিন মাস আগে নোয়াখালীর সেনবাগ উপজেলার রাজারামপুর গ্রামের শরিয়ত উল্যার সঙ্গে তাঁর বিয়ে হয়।
বিবি আয়েশা বলেন, বিয়ের সময় তাঁর বাবার বাড়ির পক্ষ থেকে যৌতুক হিসেবে কিছু জিনিসপত্র দেওয়া হয়। বিয়ের কয়েক দিন পরই তাঁর স্বামী শরিয়ত উল্যা বাবার বাড়ি থেকে যৌতুক এনে দিতে তাঁকে চাপ দিতে থাকেন এবং তাঁর ওপর নির্যাতন শুরু করেন। তা ছাড়া বিয়ের পর তিনি জানতে পারেন, তাঁর স্বামীর সঙ্গে অন্য এক নারীর পরকীয়া সম্পর্ক আছে। ওই ব্যাপারে প্রতিবাদ করায় নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়।
বিবি আয়েশা বলেন, গত বুধবার রাতে স্বামী শরিয়ত উল্যা ‘হিজড়া’ অপবাদ দিয়ে হাত-পা বেঁধে তাঁকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে তাঁর যৌনাঙ্গে লাঠি দিয়ে আঘাত করেন। এতে রক্তক্ষরণ শুরু হয়। এরপর তাঁর স্বামী দ্রুত ঘর থেকে বের হয়ে যান। এ সময় চিৎকার শুনে বাড়ির লোকজন তাঁর ভাইকে খবর দেন। পরে তাঁর ভাই মো. সেলিম তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। কিন্তু রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় গত শুক্রবার তাঁকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধু ভূষণ ভৌমিক জানান, গত শনিবার চিকিৎসকেরা আয়েশার যৌনাঙ্গ থেকে কাঠের ভাঙা টুকরো বের করেছেন। তিনি এখন ভালো আছেন।
স্ত্রীর ওপর নির্যাতনের অভিযোগ অস্বীকার করে শরিয়ত উল্যা বলেন, তাঁর স্ত্রী কীভাবে অসুস্থ হয়েছেন, তা তিনি জানেন না।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল বলেন, ঘটনাস্থল সেনবাগ। তাই মামলাও সেনবাগে হতে হবে।
বিবি আয়েশার ভাই মো. সেলিম জানান, তাঁর বোন সুস্থ হওয়ার পর তাঁরা মামলা করবেন।