যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকের টাকা দিতে না পারায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর গ্রামের গৃহবধূ নাছিমা আক্তারকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে স্বামী আলাউদ্দিনের বিরুদ্ধে। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
নাছিমা আক্তার অভিযোগ করেন, ২০১৪ সালের ১২ ডিসেম্বর তাঁদের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামীকে হাত খরচ হিসাবে তাঁর বাবা প্রতি মাসে কিছু টাকা দিয়ে আসছেন। পরে স্বামী তাঁর বাবার কাছ থেকে আরও দুই লাখ টাকা এনে দিতে বলেন। ওই টাকা না দেওয়ায় স্বামী তাঁকে প্রায়ই মারধর করতেন। বাবা সম্পূর্ণ টাকা সংগ্রহ করতে না পারায় নাছিমা কিছুদিনের জন্য বাবার বাড়িতে চলে যান। গত বুধবার আলাউদ্দিন তাঁর লোকজন নিয়ে নাছিমাদের বাড়িতে এসে জোরপূর্বক নাছিমাকে আলাউদ্দিনের বাড়িতে নিয়ে শুরু করেন নির্যাতন। নাছিমাকে নেওয়ার সময় বাধা দিতে গিয়ে মা-বাবাও মারধরের শিকার হন।
আলাউদ্দিনের বাবা মিলন মিয়া বলেন, যৌতুক চাওয়া ও নাছিমাকে মারধর করার অভিযোগটি সত্য নয়। আলাউদ্দিন বেকার থাকায় স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। একপর্যায়ে নাছিমা বাবার বাড়িতে থাকার ইচ্ছা প্রকাশ করে। জোরপূর্বক নাছিমাকে আনতে গিয়ে টানাহেঁচড়ায় হয়তো নাছিমা অসুস্থ হয়ে পড়ে।