যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা?
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় যৌতুকের টাকা না পেয়ে আলেয়া খাতুন (২২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আলেয়ার স্বামী উপজেলা সদরের তাড়াশ গ্রামের আতাহার আলী পলাতক রয়েছেন।
এদিকে বগুড়ার শেরপুরে দুর্বৃত্তরা ট্রাকচালক নূরুল আমিনকে (৪৫) হত্যা করেছে। এই চালকের সহকারী মো. রবিউল (২৩) তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন।
তাড়াশ থানার পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনের সূত্রে জানা যায়, একই এলাকার আতাহার আলীর সঙ্গে নয় বছর আগে আলেয়া খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে মাঝেমধ্যেই আতাহার আলী ঋণ পরিশোধের জন্য শ্বশুরবাড়িতে টাকা চাইতেন। সম্প্রতি আবারও টাকা আনার জন্য স্ত্রীকে শ্বশুরবাড়ি পাঠান। গত বুধবার সকালে টাকা ছাড়া আলেয়া বাবার বাড়ি থেকে ফিরলে ক্ষুব্ধ স্বামী তাঁকে বেধড়ক মারপিট করেন। একপর্যায়ে আলেয়া মারা যান। আলেয়ার গলায় ওড়না পেঁচিয়ে বিষয়টি আত্মহত্যা বলে প্রচার চালানো হয়। তাঁদের সংসারে দুই মেয়ে ও একটি ছেলে রয়েছে।
তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুল আলম জানান, বুধবার বিকেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর থেকে আতাহার আলী পলাতক।
শেরপুর থানার পুলিশ সূত্র জানায়, নিহত ট্রাকচালক নূরুল আমিন চাঁদপুরের ফরিদগঞ্জ থানাধীন দিয়ারমণ্ডল গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর সহকারী মো. রবিউলের বাড়ি রংপুরের এরশাদ কলোনি গ্রামে। পুলিশ বুধবার সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার ইটালী গ্রামের ঈদগাহ মাঠের পূর্ব পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করে। গতকাল বৃহস্পতিবার দুপুরে লাশের ছবি দেখে নিহতের স্ত্রী হেলেনা বেগমসহ স্বজনেরা সেটি নূরুল আমিনের বলে শনাক্ত করেন। এ ঘটনায় তাঁর ছোট ভাই মানিক হোসেন গতকাল বিকেলে শেরপুর থানায় একটি হত্যা মামলা করেন।
থানার এসআই নূরুল ইসলাম বলেন, নিহত নূরুল আমিনের ট্রাকটি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মমতাজ ফিলিং স্টেশন থেকে বুধবার দুপুরে সয়াবিন তেলের ব্যারেল ভর্তি অবস্থায় উদ্ধার করা হয়েছে।
হেলেনা বেগম জানান, ট্রাকটি তাঁর স্বামীর নিজের। ওই ট্রাকে করে মঙ্গলবার বিকেলে তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা ফ্রেশ অয়েল মিল থেকে প্রতিটি ১৮৬ কেজি ওজনের ৬০ ব্যারেল সয়াবিন তেল নিয়ে নীলফামারীর জলঢাকা উপজেলার উদ্দেশে রওনা দেন। বুধবার সকাল থেকে তিনি স্বামীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পান। এ ছাড়া মুঠোফোনে ট্রাকচালকের সহকারী রবিউলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁর মুঠোফোনও বন্ধ পান।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, কী কারণে চালক খুন হলেন এবং কারা এর সঙ্গে জড়িত, তার তদন্ত চলছে।