নিখোঁজের ১৭ দিন পর শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মাছুয়াখালী গ্রামের একটি বিল থেকে শারমিন আক্তার নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে মাটি খুঁড়ে লাশটি তোলা হয়। স্বামী বিল্লাল হোসেন শারমিনকে হত্যা করার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও গৃহবধূর স্বজনদের সূত্রের বিবরণ অনুযায়ী, শারমিন ৫ জানুয়ারি নিখোঁজ হন। এ ঘটনায় তাঁর মা জাহানারা বেগম ১১ জানুয়ারি গোসাইরহাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার শারমিনের (২৫) স্বামী বিল্লালকে (৩০) আটক করে পুলিশ। পরে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে বিল্লাল তাঁর স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল সকালে পুলিশ মাছুয়াখালী গ্রামে গিয়ে বিল থেকে শারমিনের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বিল্লালের বরাত দিয়ে সহকারী পুলিশ সুপার সুমন দেব প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে বিল্লাল স্ত্রী শারমিনকে ৫ জানুয়ারি রাতে শ্বাসরোধে হত্যা করার কথা স্বীকার করেছেন। পরে লাশ গুম করার উদ্দেশ্যে বিলের মধ্যে মাটিচাপা দিয়ে রাখেন।
পুলিশ সূত্রে জানা গেছে, চার বছর আগে মাছুয়াখালী গ্রামের বিল্লালের সঙ্গে মাদারীপুরের কালকিনি উপজেলার নারকেলী কানুরগাঁও গ্রামের শারমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিল্লাল যৌতুকের দাবিতে প্রায়ই স্ত্রীকে নির্যাতন করতেন বলে অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি ৪০ হাজার টাকা যৌতুক দাবি করেন তিনি। যৌতুকের জন্য শারমিনের ওপর নির্যাতনের অভিযোগে কালকিনি থানায় মামলা করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে বিল্লাল ৫ জানুয়ারি গভীর রাতে গলা টিপে শারমিনকে হত্যা করে বাড়ির পাশে বিলের মাঝে লাশ পুঁতে রাখেন।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোফাজ্জল হোসেন বলেন, গৃহবধূর স্বামী বিল্লালকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।