যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গত রোববার রাতে আজিজুল হক নামের এক ব্যক্তির বিরুদ্ধে যৌতুক না পেয়ে স্ত্রী চায়না বেগমকে (৩৫) হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। চায়নাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মুঠোফোনে চায়না প্রথম আলোকে বলেন, প্রেম করে এক বছর আগে উপজেলার কাশিগাড়ি গ্রামের আজিজুল হককে তিনি বিয়ে করেন। বিয়ের পর আজিজুল তাঁর (চায়না) বাড়িতেই থাকতেন। বিয়ের পর তিনি জানতে পারেন আজিজুল নেশাগ্রস্ত। বিয়ের কিছুদিন পর বিদেশে যাওয়ার জন্য তিন লাখ টাকা যৌতুক দাবি করেন আজিজুল। যৌতুক দিতে অস্বীকার করায় তাঁকে শারীরিকভাবে নির্যাতন শুরু করেন আজিজুল। নির্যাতন সইতে না পেরে তিনি ছয় মাস আগে আজিজুলকে ৫০ হাজার টাকা দেন। বাকি টাকার জন্য আবারও নির্যাতন শুরু করেন আজিজুল। বাধ্য হয়ে তাঁর নিজের একটি গরু বিক্রি করে সাড়ে ১০ হাজার টাকা ও কানের এক জোড়া সোনার দুল বিক্রি করে আরও সাড়ে ১৬ হাজার টাকা আজিজুলকে দেন তিনি। আজিজুল গত রোববার রাতে তাঁকে বাড়ি বিক্রি করে দেওয়ার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় ওই দিন রাতে আজিজুল তাঁর গলায় দড়ির ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করেন। তাঁর চিৎকারে বাড়ির পাশে থাকা তাঁর (চায়না) মা আছিয়া বেগম ও ছেলে চান মিয়া (১৭) এগিয়ে এলে আজিজুল পালিয়ে যান।
ওই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মো. নূর নেওয়াজ গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, চায়নার গলায় রশি দিয়ে পেঁচানো গভীর কালো দাগ রয়েছে। এতে তাঁর গলা ফুলে গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।