যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে যৌতুক না পেয়ে এক গৃহবধূকে তাঁর স্বামী শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সরিষাবাড়ী পৌরসভার শিমলাপল্লী তাড়িয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম রাহিমা বেগম (২৮)। তিনি শিমলাপল্লী তাড়িয়াপাড়া গ্রামের হাসেম আলীর স্ত্রী। রাহিমা বেগমের বাবার বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলায়। এই ঘটনায় তাঁর বাবার পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
পুলিশ ও নিহত রাহিমার পারিবারিক সূত্রে জানা গেছে, হাসেম আলীর সঙ্গে পাঁচ বছর আগে মনোহরদী উপজেলার পীরপুর ভাটিপাড়া গ্রামের রমিচ উদ্দিনের মেয়ে রাহিমা বেগম ওরফে লাকীর বিয়ে হয়। বিয়ের পর থেকে হাসেম আলী দফায় দফায় যৌতুক চাচ্ছিলেন। গত মার্চ মাসে রাহিমা বাবার বাড়ি থেকে যৌতুক হিসেবে ৫০ হাজার টাকা এনে দেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় হাসেম তাঁর স্ত্রী রাহিমার কাছে ফের ২০ হাজার টাকা দাবি করেন। কিন্তু টাকা এনে দিতে রাজি না হওয়ায় হাসেম তাঁর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঘরের ধরনার সঙ্গে ঝুলিয়ে রাখেন।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজন টের পেয়ে হাসেমদের বাড়িতে এসে রাহিমার লাশ দেখে পুলিশে খবর পাঠান। রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত রাহিমার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ আসার আগেই হাসেম ও তাঁর পরিবারের সদস্যরা পালিয়ে যান।
সরিষাবাড়ী থানার ওসি বিল্লাল উদ্দিন জানান, এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।