যৌতুক না পেয়ে স্ত্রীর মাথা ন্যাড়া!
নরসিংদীর মনোহরদীতে স্বামী যৌতুক না পেয়ে স্ত্রীর মাথা ন্যাড়া করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ওই গৃহবধূর শরীরে সিগারেটের আগুনের ছ্যাঁকা দেওয়া হয়। উপজেলার কাচিকাটা ইউনিয়নের দক্ষিণ কাচিকাটা গ্রামে গত সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ, এলাকাবাসী ও গৃহবধূর পরিবারের লোকজন জানান, চার বছর আগে দক্ষিণ কাচিকাটা গ্রামের সামসুদ্দিনের মেয়ে মারিয়া আক্তারের সঙ্গে একই গ্রামের তাহের আলীর ছেলে বাবুল মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন সময়ে মারিয়ার ওপর শারীরিক নির্যাতন করতেন। কিন্তু দিনমজুর বাবার আর্থিক অবস্থার কথা চিন্তা করে তিনি সব মুখ বুঝে নির্যাতন সহ্য করতেন। গত সোমবার দিবাগত রাতে বাবুল মিয়া, ননদ মৌসুমী আক্তার ও শাশুড়ি শরিফা বেগম মিলে মারিয়ার মুখ বেঁধে রাতভর নির্যাতন করেন। ভোরে মারিয়ার মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয়। এ সময় তাঁর মুখসহ শরীরের বিভিন্ন স্থানে সিগারেটের আগুন দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়। খবর পেয়ে গৃহবধূর বাবার বাড়ির লোকজন গতকাল মঙ্গলবার দুপুরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে মনোহরদী থানার পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাঁকে উদ্ধার করে।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহমুদা খানম বলেন, গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে আগুনের ছ্যাঁকা দেওয়া হয়েছে।
গতকাল বিকেলে মারিয়ার বাবা সামসুদ্দিন বলেন, ‘আমি মাইনষের (অন্যের) খেতে কাম কইরা সংসার চালাই। টেহার লাইগা অনেক দিন ধইয়া জামাই মাইয়াডারে মারতাছে। আমার কতা চিন্তা কইরা হেয় মুখ বুইঝা রইছে। এহন তাঁরা মাইয়াডার চুল কাইটা শরীরে বিড়ির ছেঁকা দিয়া মাইরা ফালাইবার চেষ্টা করছিল। মাইয়ারে ঢাকা লইয়া যাইতাছি। কী দিয়া চিকিৎসা করামু বুঝতাছি না। আমি হেগোর বিচার চাই।’
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, নির্যাতনের খবর পেয়ে স্বামীর বাড়ি থেকে আত্মীয়স্বজনেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।