যৌতুক না পেয়ে স্ত্রীর শরীর ব্লেড দিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার উপজেলায় যৌতুক না পেয়ে এক গৃহবধূর শরীর ব্লেড দিয়ে কেটে ও রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। গতকাল রোববার তাঁকে উদ্ধার করে বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গৃহবধূর নাম জনি খাতুন (২২)। তিনি ধুনটের বড়বিলা গ্রামের জহুরুল ইসলামের মেয়ে। তিনি একই গ্রামের আইয়ুব আলীর (২৪) স্ত্রী। আইয়ুব আলী মুঠোফোনে বলেন, ‘বউয়ের অপরাধ পাইছি, তাই মারধর করেছি। এতে অন্যদের কী?’ ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, আহত গৃহবধূর চিকিৎসা চলছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম ও ব্লেড দিয়ে খোঁচানোর আঘাত রয়েছে।

স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, প্রায় এক বছর আগে আইয়ুব আলীর সঙ্গে জনি খাতুনের বিয়ে হয়। বিয়ের সময় ৩৫ হাজার টাকা যৌতুক চায় বরের পরিবার। বিয়ের অনুষ্ঠানে এর ২০ হাজার টাকা দেওয়া হয়। বাকি টাকা ছয় মাসের মধ্যে পরিশোধ করার কথা ছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এ অবস্থায় আইয়ুব ও জনি দুজনেই পোশাক কারখানায় চাকরি নেন। তাঁরা সাভারের হেমায়েতপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় যৌতুকের টাকা নিয়ে ঝগড়ার একপর্যায়ে জনিকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম ও দাঁত ভেঙে দেন আইয়ুব। এ ছাড়া ব্লেড দিয়ে জনির শরীরের বিভিন্ন স্থানে কেটে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়। পরে তাঁকে আহত অবস্থায় বাসায় তালাবদ্ধ করে রাখা হয়। বিষয়টি জনির পরিবার জানতে পেরে গত শনিবার রাতে তাঁকে উদ্ধার করে। গতকাল জনিকে নিয়ে এসে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জনি খাতুন বলেন, তাঁকে রড দিয়ে পিটিয়ে আহত করার পর শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে জখম করা হয়েছে। এরপর তাঁকে চিকিৎসা না দিয়ে দুদিন ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখা হয়।

ধুনট থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।