যৌতুকের জন্য আগুনে পুড়লেন তহমিনা
যৌতুকের দাবিতে একসময় নির্যাতন করে রংপুরের গৃহবধূ তহমিনা বেগমের (প্রায় ৩২) হাত-পা ভেঙে দেওয়া হয়েছিল। চর-থাপ্পড়ে একটি কান ক্ষতিগ্রস্ত হয়। এভাবেই চলছিল সংসার। শেষ রক্ষা হলো না। স্বামী ও শাশুড়ি মিলে আগুন দিয়ে ঝলসে দেয় তাঁকে। হাসপাতালে এখন যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। এ ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।
রংপুরের পীরগাছা উপজেলার দাদন গ্রামের অগ্নিদগ্ধ গৃহবধূ তহমিনার পরিবার এমন অভিযোগ করেছেন। গত বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। পরদিন শুক্রবার সন্ধ্যায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। গতকাল শনিবার সকালে নেওয়া হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে।
হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বার্ন ইউনিটের একটি শয্যায় ছটফট করছেন তহমিনা। কথা বলার মতো কোনো শক্তি নেই। ওয়ার্ডের বাইরে তহমিনার মা মরিয়ম বেগম অভিযোগ করে বলেন, ‘আমার মেয়ের ১৩ বছর হইল বিয়া হইছে। বিয়ার পর থাকিয়া মেয়েটা সুখ পাইল না। যৌতুকের জন্যে খালি মারে। মারতে মারতে এক সময় হাত পাও ভাঙ্গি দেছে। কানোত থাপরেয়া কানটা তালা লাগি দেছে (শুনতে না পাওয়া)। শেষমেস গায়োত আগুন লাগে দেলে। মাইয়াটা হামার জ্বলি-পুড়ি গেইছে।’
বার্ন ইউনিটের দায়িত্বে নিয়োজিত চিকিৎসক মারুফুল ইসলাম আজ রোববার সকালে প্রথম আলোকে বলেন, তাঁর বুক থেকে কোমর পর্যন্ত ও দুই হাতসহ শরীরের ৫০ শতাংশ অগ্নিদগ্ধ হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও অগ্নিদগ্ধ গৃহবধূর পরিবার বলছে, তহমিনার বাড়ি পীরগাছা উপজেলার পূর্ব চিলপুর গ্রামে। বাবা তৌফিকুর রহমান ইটভাটার শ্রমিক। একই উপজেলার ফল ব্যবসায়ী আব্দুল মান্নানের (প্রায় ৩৯) সঙ্গে ১৩ বছর আগে তাঁর বিয়ে হয়। একে একে দুই মেয়ের জন্ম হয়। তারাও বড় হয়ে গেছে। বড় মেয়ে মুন্নী বেগমের বয়স ১২ বছর, ছোট মুক্তা বেগমের বয়স ৮ বছর।
অগ্নিদগ্ধ তহমিনার বরাত দিয়ে পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে স্বামীর প্ররোচনায় শাশুড়ি গৃহবধূর শরীরে জ্বলন্ত কুপি ছুড়ে মারে। মুহূর্তেই আগুন ধরে যায়। অবস্থা বেগতিক দেখে স্বামী নিজেই তাঁকে প্রথমে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আহমেদ বলেন, এ ঘটনায় গতকাল তহমিনার বড় ভাই মো. মোস্তফা বাদী হয়ে মামলা করেছেন। আসামি করা হয়েছে, তাঁর স্বামী, শ্বশুর-শাশুিড় ও ননদকে। স্বামীকে গত শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা পলাতক। তাদের বাড়িতে তালা ঝুলছে।
পলাতক থাকায় তহমিনার শ্বশুরবাড়ির কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।