যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন, শ্বশুর গ্রেপ্তার
বগুড়ার ধুনটের বড়বিলা গ্রামে যৌতুকের জন্য এক গৃহবধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে স্বামী, শ্বশুরসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত মঙ্গলবার মামলার আসামি শ্বশুর জয়নাল ফকিরকে (৬০) পুলিশ গ্রেপ্তার করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই গৃহবধূ সাফিয়া খাতুনের ছোট ভাই আবুল হোসেন বাদী হয়ে গত মঙ্গলবার রাতে স্বামী আলম ফকির, তাঁর বাবা জয়নাল ফকিরসহ চারজনের বিরুদ্ধে থানায় যৌতুক মামলা করেন। পুলিশ ওই রাতেই জয়নাল ফকিরকে গ্রেপ্তার করে। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, গোসাইবাড়ী গ্রামের মনছের আলীর মেয়ে সাফিয়া খাতুনের (৩৫) প্রায় ১৭ বছর আগে বড়বিলা গ্রামের আলম ফকিরের (৪০) সঙ্গে বিয়ে হয়। আলম দুই মাস আগে আরেকটি বিয়ে করেন। এতে সাফিয়া বাধা দিলে তাঁকে শারীরিক নির্যাতন করা হয়। একপর্যায়ে দ্বিতীয় স্ত্রীকে তালাক দেওয়ার শর্তে সাফিয়ার কাছ থেকে আলম দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। সাফিয়ার পরিবার যৌতুক দিতে অস্বীকার করে। এতে ক্ষুব্ধ হয়ে আলম ৪ আগস্ট দুপুর ১২টার দিকে সাফিয়াকে মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এ সময় সাফিয়ার চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে আলম ঘরের দরজা তালাবদ্ধ করে পালিয়ে যান। খবর পেয়ে সাফিয়ার পরিবারের লোকজন পুলিশের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, সাফিয়া সপ্তাহ খানেক চিকিৎসা নিয়ে গত মঙ্গলবার ছাড়া পেয়েছেন। তাঁর শরীরে মারধর ও আঘাতের চিহ্ন রয়েছে।
বাদী আবুল হোসেন বলেন, ‘ঘটনার পর এলাকার মাতবররা বিষয়টি আপস করার চেষ্টা করেন। আমরা এতে রাজি ছিলাম। কিন্তু আলম মাতবরদের কথা মানেননি। এ কারণে মামলা করতে দেরি হয়েছে।’
থানাহাজতে থাকাকালে জয়নাল ফকির বলেন, ছেলের সঙ্গে তাঁর অনেক আগেই সংসার আলাদা হয়েছে। তাঁদের স্বামী-স্ত্রীর মধ্যে কী নিয়ে মারধরের ঘটনা ঘটেছে তা তিনি জানেন না।