যৌতুকের জন্য গৃহবধূকে হত্যা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর থানার পুলিশ গত শনিবার দিবাগত রাতে সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া এলাকা থেকে হ্যাপী আক্তার ওরফে বৃষ্টি (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। হ্যাপীর পরিবারের দাবি তাঁর স্বামী যৌতুকের দাবিতে হত্যার পর মৃতদেহ ঝুলিয়ে রাখেন।
থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর মাদারীপুর সদর উপজেলার আদিত্যপুর এলাকার হায়দার আলীর মেয়ে হ্যাপীর সঙ্গে রাজবাড়ীর ভবদিয়া গ্রামের আজাদ শেখের বড় ছেলে ইমরান শেখের বিয়ে হয়। শনিবার ছিল তাঁদের প্রথম বিবাহবার্ষিকী। এ উপলক্ষে হ্যাপী নুডলসসহ অন্যান্য খাবার তৈরি করেন। রাত নয়টার দিকে স্বামী বাড়ি ফেরার পর পরিবারের সদস্যরা খাওয়া-দাওয়া করে যাঁর যাঁর ঘরে চলে যান। এ সময় হ্যাপী বিবাহবার্ষিকী উপলক্ষে তাঁর জন্য কী আনা হয়েছে, জানতে চাইলে ইমরান ঘর থেকে বের হয়ে ঘুরে আসছেন বলে জানান। প্রায় ৩০ মিনিট পর একটি কোমল পানীয়র বোতল নিয়ে বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা বন্ধ। বারবার ডাকার পরও কোনো সাড়া না পেয়ে তিনি দরজা ভেঙে দেখেন ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে হ্যাপী ঝুলে আছেন। স্থানীয় লোকজনের কাছ থেকে জানার পর পুলিশ রাতেই ঝুলন্ত লাশ উদ্ধার করে।
হ্যাপীর খালা শিউলি বেগম অভিযোগ করেন, হ্যাপীর বাবা ১০ বছর ধরে অসুস্থ হয়ে বিছানায়। এ কারণে হ্যাপীর মা আসতে পারেননি। তিনিসহ পরিবারের অন্যরা সংবাদ পেয়ে ছুটে এসেছেন। তাঁদের অভিযোগ, বিয়ের পর থেকে ইমরানকে স্বর্ণালংকারসহ ১ লাখ টাকা যৌতুক দেওয়া হয়। ঢাকায় একটি দোকান করতে ও তাঁর চিকিৎসার জন্য মাঝে আরও টাকা দেওয়া হয়। আরও টাকার জন্য তিনি হ্যাপীকে প্রায় চাপ দিতেন। হ্যাপীর শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমাট বাঁধা ও ফোলা জখমের চিহ্ন রয়েছে। তাঁকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছিল।
ইমরানের বাবা আজাদ শেখ বলেন, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া লেগে থাকত। তবে তাঁরা কখনোই তাঁদের ব্যক্তিগত বিষয়ে কোনো হস্তক্ষেপ করতেন না। হ্যাপী তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলেও জানান তিনি। ইমরানের সঙ্গে অভিমান করে হ্যাপী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার মিয়া বলেন, সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শরীরে কিছু রক্ত জমাট বাঁধা দেখা গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।