যৌতুকের জন্য গৃহবধূর চোখ তুলে ফেলার চেষ্টা
ময়মনসিংহের ভালুকা উপজেলায় একজন গৃহবধূর একটি চোখ তুলে ফেলার চেষ্টা করেছেন স্বামী। পরে প্রতিবেশীদের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই গৃহবধূর দৃষ্টিশক্তি ফিরে পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন চিকিৎসকেরা।
গত রোববার রাতে ভালুকার রামদিয়া গ্রামে গৃহবধূর ওপর নির্যাতনের ওই ঘটনা ঘটেছে। বর্বরতার শিকার গৃহবধূর নাম জিনাত ফাতিমা (২৫)। স্বামী বুলবুল আহাম্মদ (৩৫)। গতকাল সোমবার ভোরে পুলিশ বুলবুলকে গ্রেপ্তার করে।
গৃহবধূর পরিবার, পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, সাত বছর আগে ভালুকার গাদুমিয়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে বুলবুল আহমেদের সঙ্গে জিনাতের বিয়ে হয়। এরপর থেকে যৌতুকের দাবিতে জিনাতের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন স্বামী বুলবুল। গত রোববার রাত সাড়ে আটটার দিকেও বুলবুল বাড়িতে ফিরে স্ত্রীর ওপর নির্যাতন চালানো শুরু করেন।
কাঠের পিঁড়ি দিয়ে মারধরের একপর্যায়ে জিনাত বাড়ির অন্য কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে বুলবুল দরজা ভেঙে সেখানে ঢুকে চামচ দিয়ে জিনাতের ডান চোখ তুলে ফেলার চেষ্টা করেন। এ সময় জিনাতের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেন। রাত ১১টার দিকে ভালুকা মডেল থানার পুলিশ এসে জিনাতকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসকের পরামর্শে রাত একটার দিকে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। নির্যাতনে জিনাতের ডান চোখটি গুরুতর জখম হয়।
জিনাতের ভগ্নিপতি আতাউর রহমান প্রথম আলোকে বলেন, জিনাতের ওপর নানা সময়ে বুলবুল যৌতুকের জন্য নির্যাতন করলেও লোকলজ্জায় বেশির ভাগ সময়ই তা চেপে যেতেন। রোববার বুলবুল জিনাতের চোখ উপড়ে ফেলার চেষ্টা করেন। তবে প্রতিবেশীরা এগিয়ে আসায় হয়তো চোখ তুলে ফেলতে পারেননি বুলবুল।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকজন চিকিৎসক বলেন, আজ মঙ্গলবার জিনাতের চোখে অস্ত্রোপচার করার কথা রয়েছে। তবে চোখটি টিকবে কি না, তা বলা মুশকিল।
ঘটনার দিন রাতেই জিনাতের ভাই খলিলুর রহমান বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পুলিশ গতকাল সোমবার ভোরে গাদুমিয়া গ্রাম থেকে বুলবুলকে গ্রেপ্তার করে। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেন, বুলবুলকে গতকাল বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।