যৌতুকের জন্য দুই গৃহবধূকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুক না পেয়ে ময়মনসিংহের নান্দাইল ও মৌলভীবাজারের জুড়ীতে দুই গৃহবধূকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই দুই গৃহবধূর দুই স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত গৃহবধূরা হলেন নান্দাইলের আচারগাঁও ইউনিয়নের চানপুর গ্রামের ফারজানা আক্তার (২২) এবং জুড়ীর সদর জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম বেলাগাঁও গ্রামের মুক্তা বেগম (২১)।
পুলিশ ও নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় ফারজানাকে তাঁর স্বামী তাইজুল ইসলাম (২৬) মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। ফারজানার বাবা মো. আরব আলী বলেন, ‘প্রায় দেড় বছর আগে তাইজুলের সঙ্গে ফারজানার বিয়ে হয়। মৃতদেহ না দেখলে বুঝতে পারবেন না যে যৌতুকের জন্য তাইজুল আমার মেয়ের ওপর কত নির্যাতন চালিয়েছে।’
নান্দাইল মডেল থানার পুলিশ জানায়, হাসপাতালের কর্মীরা লাশ দেখে পুলিশে খবর দেয়। মামলা হওয়ার আগে হাসপাতাল থেকে ফোন পেয়ে তাঁরা তাইজুলকে আটক করেন। পরে নিহত নারীর বাবা বাদী হয়ে গত রোববার তাইজুলসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। উপপরিদর্শক (এসআই) মুরাদ আলী শেখ বলেন, নিহত নারীর তলপেটে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও নিহত গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, মুক্তা বেগমের সঙ্গে তিন বছর আগে এরশাদ আলীর (২৫) বিয়ে হয়। নগদ ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে এরশাদ ও তাঁর মা জহুরা বেগম প্রায়ই মুক্তার ওপর নির্যাতন চালাতেন। গত রোববার রাত তিনটার দিকে এরশাদ মুঠোফোনে শ্বশুরবাড়ির লোকজনকে জানান, মুক্তা হঠাৎ করে মারা গেছেন। ভোর সাড়ে চারটার দিকে এরশাদের বাড়িতে গিয়ে মেঝেতে মুক্তার লাশ পড়ে থাকতে দেখেন স্বজনেরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
গতকাল সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারের ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় এরশাদকে গ্রেপ্তার করা হয়। পরে মুক্তার ভাই মোশারফ হোসেন বাদী হয়ে এরশাদ ও তাঁর মা জহুরাকে আসামি করে মামলা করেন। জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহত নারীর ঘাড়, দুই হাতের কনুই ও থুতনিতে জখমের চিহ্ন দেখা গেছে। মারধরের পর শ্বাসরোধে ওই গৃহবধূকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।