যৌতুকের জন্য নির্যাতন, গৃহবধূর আত্মহত্যার চেষ্টা
মুন্সিগঞ্জের সিরাজদিখানে একজন গৃহবধূ বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। গৃহবধূর অভিযোগ, যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন সইতে না পেরে তিনি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন।
গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পশ্চিম মধ্যপাড়া গ্রামের মৃত আজিজুল শেখের মেয়ে জহুরা বেগমের (২৩) সঙ্গে একই ইউনিয়নের আবদুল কাশেম শিকদারের ছেলে জাবের শিকদারের (৩০) নয় বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ননদ বিভিন্ন সময় জহুরার ওপর অমানুষিক নির্যাতন করতেন। নির্যাতনের ঘটনায় এলাকায় একাধিকবার সালিসও হয়েছে।
সর্বশেষ গত শুক্রবার তাঁরা জহুরাকে নির্যাতন করলে তিনি শনিবার সকালে বিষপান করেন। অসুস্থ অবস্থায় তাঁকে আশপাশের লোকজন প্রথমে সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে তাঁকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুটা সুস্থ হওয়ার পর তাঁকে সিরাজদিখানে বাবার বাড়িতে নেওয়া হয়। গত রোববার আবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে জহুরা সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন জহুরা বলেন, ‘যৌতুকের জন্য স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ননদের নির্যাতন সইতে না পেরেই বিষপানে আত্মহত্যা করতে চেয়েছি।’
জহুরার চাচা মো. ইকরাম, স্থানীয় মাতবর মো. ইদ্রিস খান ও মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. হারুন অর রশিদ বলেন, এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস বৈঠক হয়েছে।
এ ব্যাপারে স্বামী জাবের শিকদারসহ অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের ফোন বন্ধ পাওয়া গেছে।
সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ওয়ায়েছ মাহমুদ বলেন, বিষপানে অসুস্থ ওই নারীকে ঢাকা থেকে আনার পর আবার অসুস্থ হলে তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বলেন, এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।