যৌতুকের জন্য স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁওয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মাহমুদা বেগম (৩৫) নামের এক গৃহবধূ এবং তাঁর মা মমতাজ বেগমকে (৫০) কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, খিলগাঁও ২০/বি মেরাদিয়ার বাসিন্দা আবদুল হাকিম তাঁর স্ত্রী মাহমুদাকে বাবার বাড়ি থেকে পাঁচ লাখ টাকা যৌতুক এনে দেওয়ার জন্য চাপ দেন। তিনি যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার করায় কিছুদিন ধরে আবদুল হাকিম তাঁর স্ত্রীকে মারধর করে আসছিলেন।
হাসপাতালে চিকিৎসাধীন মাহমুদা প্রথম আলোকে জানান, বুধবার রাতে পাঁচ লাখ টাকার জন্য স্বামী তাঁকে বেধড়ক পেটান। মাকে এ খবর জানালে গতকাল সন্ধ্যায় মা তাঁকে স্বামীর বাড়ি থেকে আনতে যান। এ সময় স্বামী হাকিম ও তাঁর ভাইবোন তাঁকে (মাহমুদা) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। তখন তাঁর চিৎকারে মা মমতাজ এগিয়ে গেলে তাঁকেও মারধর এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তাঁরা দুজন গুরুতর আহত হন। পরে প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক জানান, ঘটনাটি খিলগাঁও থানায় জানানো হয়েছে।