যৌতুকের জন্য স্ত্রীর ওপর বর্বর নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে না দেওয়ায় গত রোববার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নে স্ত্রীর ওপর বর্বর নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে এক ব্যক্তির বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে প্রথমে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গৃহবধূর মা থানায় মামলা করেছেন।
মামলার বিবরণ ও বাদীর সঙ্গে কথা বলে জানা যায়, শরীফপুর গ্রামের ময়না মিয়ার ছেলে কাউসার মিয়ার সঙ্গে দুই বছর আগে একই গ্রামের মৃত ইদ্রিস আলীর মেয়ে শিরিন আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে কাউসার এক লাখ টাকার জন্য শিরিন আক্তারের ওপর প্রায়ই নির্যাতন চালাতেন। রোববার রাত সাড়ে ১২টায় ঘরের দরজা বন্ধ করে কাউসার মিয়া শিরিন আক্তারের বাঁ চোখ খুঁচিয়ে খুঁচিয়ে নষ্ট করেন এবং একটি দাঁত উপড়ে ফেলেন। নির্যাতনে অচেতন হয়ে পড়লে একজন পল্লিচিকিৎসকের ঘরের সামনে শিরিনকে ফেলে রেখে পালিয়ে যান কাউসার। গ্রামবাসী উদ্ধার করে রাতেই তাঁকে কুলাউড়া থানায় নিয়ে যান। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় গত সোমবার সকালে শিরিনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মহিউদ্দীন বলেন, নির্যাতন গুরুতর বলে শিরিনকে ওসিসিতে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তী সময়ে তাঁকে আইনি সহায়তা দিতে সংশ্লিষ্ট বিভাগে লিখিতভাবে অনুরোধ জানানো হয়েছে।
মামলার বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর জানান, প্রতিদিন শরীফপুর থেকে অনেক মামলাই হয়। সুতরাং, কাগজপত্র না দেখে তিনি কিছু বলতে পারছেন না। তবে বাদী আছমারুন বেগম বলেন, তিনি থানার ওসিকে দেখিয়ে শিরিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছিলেন।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক তন্ময় ভট্টাচার্য বলেন, শিরিনের বাঁ চোখের আঘাত গুরুতর। চোখে এখন পরীক্ষা-নিরীক্ষা চলছে। তাঁর একটি দাঁত পড়ে গেছে। শরীরে আরও আঘাতের চিহ্ন রয়েছে।