যৌতুকের টাকা না পেয়ে কাঁচি দিয়ে খুঁচিয়ে জখম
স্বামীর নির্মম নির্যাতনের শিকার হয়ে পাঁচ দিন ধরে নওগাঁর রানীনগর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন গৃহবধূ ও এক সন্তানের জননী চাম্পা খাতুন (২৫)। যৌতুকের টাকা দিতে না পারায় গত রোববার সন্ধ্যায় স্বামী উজ্জ্বল হোসেন (৩৫) কাপড় কাটার কাঁচি দিয়ে খুঁচিয়ে চাম্পা খাতুনকে জখম করেন। পরে প্রতিবেশীদের ধাওয়া খেয়ে গুরুতর আহত অবস্থায় স্ত্রীকে ফেলে পালিয়ে যান উজ্জ্বল। ওই গৃহবধূর শরীরে কাঁচি দিয়ে ১২৪টি স্থানে জখম করা হয়েছে।
গ্রামবাসী ও আহত গৃহবধূর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার কাশিমপুর ডাঙ্গাপাড়া গ্রামের খোরশেদ আলমের মেয়ে চাম্পার সঙ্গে একই গ্রামের কাছের আলী মণ্ডলের ছেলে উজ্জ্বলের সাত বছর আগে বিয়ে হয়। ওই সময় উজ্জ্বলকে যৌতুক দেওয়া হয়। কয়েক বছর পর থেকেই আরও যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন শুরু করেন উজ্জ্বল। গত রোববারও উজ্জ্বল বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসতে বলেন চাম্পাকে। এতে অপারগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন উজ্জ্বল। সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের দরজা-জানালা বন্ধ করে চাম্পাকে কাপড় কাটার কাঁচি দিয়ে এলোপাতাড়িভাবে আঘাত করতে থাকেন। চাম্পার চিৎকারে একপর্যায়ে প্রতিবেশীরা ছুটে এলে উজ্জ্বল কাঁচি ফেলে পালিয়ে যান। এ সময় গুরুতর জখম চাম্পা সংজ্ঞা হারিয়ে ফেলেন। প্রতিবেশীরা চাম্পাকে উদ্ধার করে রানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এস এম নজমুল আহসান জানান, আহত চাম্পার শরীরে প্রায় ১৪০টি সেলাই দিতে হয়েছে। তাঁর শরীরে ১২৪টি জখম রয়েছে। তবে বর্তমানে সে শঙ্কামুক্ত।
চাম্পার বাবা খোরশেদ আলম জানান, বিয়ের সময় ১ লাখ ২০ হাজার টাকা যৌতুক দেওয়া হয়েছিল উজ্জ্বলকে। কয়েক বছর পর থেকেই জামাই আবার ১০ হাজার, ২০ হাজার করে বিভিন্ন সময়ে যৌতুক দাবি করে আসছিলেন। কিন্তু আর্থিক অবস্থা ভালো না হওয়ায় আর যৌতুক দিতে পারেননি তিনি।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি আমাকে মৌখিকভাবে জানানো হয়েছে। মেয়েটির অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসার জন্য হয়তো থানায় অভিযোগ দিতে দেরি হচ্ছে। তার পক্ষ থেকে অভিযোগ আসলেই আমি আইনগত ব্যবস্থা নেব।’