যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে কুপিয়ে জখম
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যৌতুকের টাকা দিতে না পারায় এক গৃহবধূকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন কুপিয়ে আহত করেছেন। এ ঘটনায় গৃহবধূর বাবা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ওই গৃহবধূর নাম রোকসানা বেগম। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম গ্রামের সুজা মিয়ার স্ত্রী।
অভিযোগে উল্লেখ করা হয়, ২০১০ সালে সুন্দরগঞ্জ উপজেলার পাঁচগাছি শান্তিরাম গ্রামের স্কুলশিক্ষক আবদুল খালেকের মেয়ে রোকসানা বেগমের সঙ্গে একই গ্রামের পল্লিচিকিৎসক ওয়াহেদ আলীর ছেলে সুজা মিয়ার বিয়ে হয়। বিয়ের সময় পাঁচ ভরি স্বর্ণালংকার ও তিন লাখ টাকা দেওয়া হয়। কিন্তু সুজা মিয়া আরও টাকার জন্য প্রায়ই রোকসানাকে মারধর করতেন। ১ জানুয়ারি রোকসানাকে দুই লাখ টাকা এনে দিতে বলেন সুজা। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে রোকসানাকে মারধর করেন তাঁর স্বামী ও পরিবারের সদস্যরা। একপর্যায়ে সুজা মিয়া, শ্বশুর ওয়াহেদ আলী, শাশুড়ি আনোয়ারা বেগম এবং দুই দেবর আবদুর রউফ ও সুরুজ মিয়া ধারালো অস্ত্র দিয়ে রোকসানাকে আঘাত করে। এতে রোকসানা জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্বামী ও তাঁর শ্বশুরবাড়ির লোকজন তাঁকে হাসপাতালে ভর্তি না করে ঘরেই রেখে দেন। খবর পেয়ে রাতে রোকসানার বাবা আবদুল খালেক স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন।
গাইবান্ধা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শাহিনুল ইসলাম মণ্ডল বলেন, রোগীর ডান হাত ও মাথায় ক্ষত রয়েছে। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোকসানা বেগম বলেন, ‘আমাকে যৌতুকের জন্য প্রায়ই মারধর করত। সেদিন দুই লাখ টাকা দিতে পারিনি বলে কুপিয়েছে। শীতের দিনে ক্ষতস্থানে যন্ত্রণা করে। কষ্ট হচ্ছে।’
ঘটনার পর থেকে সুজা মিয়া ও তাঁর পরিবারের লোকজন বাড়িতে নেই। এ বিষয়ে জানতে সুজা মিয়ার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাঁর মুঠোফোন বন্ধ।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান গতকাল সন্ধ্যায় মুঠোফোনে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।