যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল রোববার যৌতুকের টাকা না পেয়ে স্বর্ণা বেগম (২২) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এদিকে গত শনিবার মৌলভীবাজার সদর উপজেলায় নেভি বেগম (১৯) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্বর্ণার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, দেড় বছর আগে উপজেলার আওনা ইউনিয়নের স্থলপশ্চিমপাড়া গ্রামের হবিবর রহমানের ছেলে মজনু মিয়ার সঙ্গে পাশের কামরাবাদ ইউনিয়নের কয়ড়া গ্রামের মো. সুরুজ্জামানের মেয়ে স্বর্ণার বিয়ে হয়। ৫৫ হাজার টাকা যৌতুক দেওয়ার কথা বলে স্বর্ণাকে বিয়ে দেয় তাঁর পরিবার। বিয়ের সময় বরপক্ষকে নগদ ৫০ হাজার টাকা দেওয়া হয়। বিয়ের পর থেকে মজনু বাকি পাঁচ হাজার টাকার জন্য স্বর্ণাকে নির্যাতন করতে থাকেন। গতকাল দুপুরে স্বর্ণা বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে মজনু ও তাঁর পরিবারের লোকজন স্বর্ণাকে শ্বাসরোধে হত্যা করেন। ঘটনার পর থেকে মজনু ও তাঁর পরিবারের সবাই পলাতক রয়েছেন।
সুরুজ্জামান বলেন, ‘আমি ৫০ হাজার টাকা দিয়ে মেয়েকে বিয়ে দেই। বাকি পাঁচ হাজার টাকা না দেওয়ায় আমার মেয়েকে মজনু প্রায়ই নির্যাতন করতেন। আমার মেয়েকে মজনু শ্বাসরোধে হত্যা করেছে।’
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল উদ্দিন জানান, গতকাল বিকেলে স্বর্ণার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের নেভিকে গত শনিবার সন্ধ্যার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির লোকজন তাঁকে বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকেন। একপর্যায়ে বাড়ির বসতঘরের পেছনের একটি কাঁঠালগাছের ডালে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান পরিবারের লোকজন। পরে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানান। রাত সাড়ে আটটার দিকে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
থানার ওসি মো. আব্দুছ ছালেক জানান, নেভি জগন্নাথপুর গ্রামের ইমানি মিয়ার মেয়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে নেভি আত্মহত্যা করেছেন।