যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হামছদী গ্রামে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে তাঁর স্বামী ও শ্বশুর পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বুধবার বিক্ষুব্ধ এলাকাবাসী গৃহবধূর স্বামীর বাড়িঘর ভাঙচুর করেছেন।
মারা যাওয়া গৃহবধূর নাম ঝুমা আক্তার (২২)। তিনি দামোদরদী গ্রামের সোলায়মান মিয়ার মেয়ে। তাঁর স্বামীর নাম সোহাগ মিয়া (২৮)। বাড়ি হামছদী পশ্চিমপাড়া গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সোহাগ মিয়ার সঙ্গে পাশের গ্রামের ঝুমা আক্তারের সাত মাস আগে বিয়ে হয়। এরপর থেকে যৌতুকের দাবিতে ঝুমাকে স্বামী সোহাগ ও শ্বশুর নবী হোসেন নানাভাবে নির্যাতন করছিলেন। মঙ্গলবার রাতে যৌতুকের টাকার জন্য ঝুমাকে সোহাগ ও নবী হোসেন চাপ দেন। টাকা দিতে অস্বীকার করলে প্রথমে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সোহাগ ও নবী হোসেন পিটিয়ে ও শ্বাসরোধ করে ঝুমাকে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যান। পরদিন সকালে বাবার বাড়ির লোকজন গিয়ে ঝুমার লাশ দেখতে পান। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী সোহাগ মিয়ার বাড়িঘর ভাঙচুর করেন।
ঝুমা আক্তারের বড় ভাই সালাউদ্দিন বলেন, ‘আমার বোন মঙ্গলবার গভীর রাতে মোবাইলে নির্যাতনের ঘটনা জানায়। সকালে আমাদের লোকজন বোনের বাড়ি গিয়ে কাউকে না দেখতে পেয়ে ঘরের ভেতরে ঢুকে লাশ দেখতে পায়। আশপাশের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।’
সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোন্তাছীর মারুফ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর রহস্য উন্মোচন হবে। ঘটনার পর থেকে গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন পলাতক। তাঁদের ধরার চেষ্টা করা হচ্ছে।