যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলায় যৌতুকের দাবিতে ওছপেয়ারা বেগম (২০) নামের এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওছপেয়ারার পরিবার সূত্রে জানা গেছে, চার বছর আগে উপজেলার ভীমপুর গ্রামের মৃত বাসের হোসেনের মেয়ে ওছপেয়ারার সঙ্গে কাজীপাড়া গ্রামের আজগার হোসেনের ছেলে সিরাজুল ইসলামের বিয়ে হয়। বিয়ের সময় সিরাজুল ও তাঁর পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে তাঁদের যৌতুক হিসেবে ৮০ হাজার টাকা ও ৪০ হাজার টাকার আসবাব দেওয়া হয়। গত অক্টোবর মাসে বাসের হোসেনের মৃত্যুর পর সিরাজুল তাঁর শাশুড়ির কাছে ৭০ হাজার টাকা যৌতুক চান। গত মঙ্গলবার সকালে তিনি ওছপেয়ারাকে তাঁর মায়ের কাছ থেকে ওই টাকা আনার চাপ দেন। এতে অস্বীকৃতি জানালে তাঁকে বেধড়ক পেটান সিরাজুল। একপর্যায়ে ওছপেয়ারা জ্ঞান হারিয়ে ফেলেন। খবর পেয়ে তাঁর মা ও ভাইয়েরা এসে তাঁকে উদ্ধার করে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেন।
গতকাল বুধবার ওই স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, নারী ওয়ার্ডে তীব্র ব্যথায় কাতরাচ্ছেন ওছপেয়ারা। তাঁর শরীরের বিভিন্ন স্থান জখম হয়ে আছে। এ সময় ওছপেয়ারা বলেন, ‘টাকা আইনবার না চাওয়ায় মোর স্বামী মোক আগোত নাটি দিয়া ডাংগাইছে। তারপর দুই হাত বান্দি লোহার রড দিয়াও মারছে।’
ওছপেয়ারা মা ফালেমা বেগম বলেন, ‘বিয়ার পর থাকি বেটিটার (মেয়েটার) মোর সুখ নাই। কথায় কথায় ওর স্বামী ওকে মারে। ৭০ হাজার টাকার জন্য বেটিটাক মারি অজ্ঞান বানাইছে। বেটি সুস্থ হইলে মুই (আমি) মামলা করিম।’
এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে সিরাজুল ইসলাম যৌতুক চাওয়ার বিষয়টি অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আমার বউটা (স্ত্রী) কোনো কথা কইলে শোনে না। মুখের ওপর সব কথার জবাব দেয়। ওই জন্য আগ হয়া একটু মারছু।’
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাব্বিরুল হক জানান, এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ করেননি। ওই গৃহবধূ মামলা করলে তা নেওয়া হবে।