যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
সাতক্ষীরার দেবহাটায় যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন গৃহবধূ আলেয়া খাতুনকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার ভোর চারটার দিকে উপজেলার কুলিয়া ইউনিয়নের চরবালিথা গ্রামে এ ঘটনা ঘটে।
আলেয়া খাতুনের ভাই আবদুল খালেক জানান, ১৫ বছর আগে চরবালিথা গ্রামের আবুল কাসেমের সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে বিভিন্ন সময় তাঁর স্বামী আবুল কাসেমসহ শ্বশুরবাড়ির লোকেরা তাঁর ওপর প্রায়ই নির্যাতন চালাত। নির্যাতন থেকে রক্ষা পেতে তাঁরা তাঁর স্বামীকে এ পর্যন্ত ১০ লাখ টাকা যৌতুক দিয়েছেন। এরপরও রক্ষা পাননি তাঁর বোন। গতকাল সোমবার ভোর চারটার দিকে তাঁর বোনকে পিটিয়ে হত্যা করে গলায় রশি দিয়ে টাঙিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করা হয়। নিহত আলেয়া খাতুন দাম্পত্য জীবনে দুই সন্তানের জননী।
নিহত ব্যক্তির স্বামী আবুল কাসেমের দাবি, তাঁর স্ত্রী আলেয়া সাংসারিক ভুল-বোঝাবুঝির কারণে আত্মহত্যা করেছেন।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত আলেয়া খাতুন আত্মহত্যা করেছেন নাকি তাঁকে হত্যা করা হয়েছে, তা বলা যাবে না। এ ঘটনা থানার উপপরিদর্শক জাকারিয়া শেখ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন।