যৌতুকের বলি পোশাক শ্রমিক
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় যৌতুকের বলি হয়েছে শ্রাবণী আক্তার (২২) নামের এক পোশাকশ্রমিক। গত শনিবার রাতের কোনো একসময় শ্বাসরোধে তাঁকে হত্যার পর ঘরে তালা লাগিয়ে স্বামী পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
গতকাল রোববার সকালে পুলিশ ঘরের তালা ভেঙে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত শ্রাবণীর মা ফিরোজা বেগম জানান, শ্রাবণী সদর উপজেলার ফতুল্লার বিসিকের মিনটেক্স গার্মেন্টসের শ্রমিক। আট-নয় মাস আগে একই গার্মেন্টসের সুমনকে ভালোবেসে বিয়ে করেন তিনি। বিয়ের পর থেকেই সুমন যৌতুকের জন্য শ্রাবণীকে চাপ দিতে থাকেন। এ নিয়ে প্রায়ই তাঁদের মধ্যে ঝগড়া হতো। শনিবার রাতে সুমন যখন শ্রাবণীকে মারধর করছিলেন, তখন শ্রাবণী তাঁকে ফোনে বিষয়টি জানিয়েছিলেন। সকালে মেয়েকে দেখতে এসে ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ তালা ভেঙে লাশ উদ্ধার করে।
ফিরোজা বেগম দাবি করেন, তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে হত্যার করেছে সুমন।