যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর সাপাহার উপজেলায় আবদুস সালাম (২৮) নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ছাত্রীকে (১১) যৌন নিপীড়নের অভিযোগে গত শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
ওই ছাত্রীর পরিবার ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, উপজেলার করলডাঙ্গা এলাকায় (ডাঙ্গাপাড়ায়) অবস্থিত মহিলা হাফেজিয়া মাদ্রাসার ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে যৌন নিপীড়ন করছিলেন মাদ্রাসার শিক্ষক আবদুস সালাম। শনিবার বিকেলে ওই ছাত্রীর বাবা মাদ্রাসায় মেয়ের খোঁজ নিতে এলে তাঁর কাছে ওই ছাত্রী শিক্ষকের কুকর্মের কথা জানিয়ে দেয়। ঘটনা শুনে তিনি বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানান। তাঁদের পরামর্শে তিনি থানায় খবর দেন। ওই রাতেই থানার পুলিশ মাদ্রাসা থেকে আবদুস সালামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
আবদুস সালামের বাড়ি নওগাঁর কেশবপুর গ্রামে।
সাপাহার থানার এসআই মনিরুল ইসলাম জানান, শনিবার রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় একটি মামলা করেছেন। গতকাল রোববার সকালে আবদুস সালামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।