যৌন নিপীড়নের অভিযোগে সভাপতিকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত বুধবার বিদ্যালয়ের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ব্যবস্থাপনা কমিটির ওই সভাপতির বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত মঙ্গলবার ছাত্রীর বাবা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এসে অভিযোগ করেন, ওই সভাপতি ৬ নভেম্বর ওই ছাত্রীকে তাঁর বাড়িতে নিয়ে যৌন নিপীড়ন করেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিষয়টি মীমাংসার জন্য গত বুধবার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শওকত আলীর সভাপতিত্বে বিদ্যালয়ের কার্যালয় কক্ষে ওই সভা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক পারভিন আক্তার বলেন, আপাতত বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে আইনি প্রক্রিয়ায় অব্যাহতির বিষয়টি চূড়ান্ত হবে।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সফিকুল ইসলাম বলেন, ‘ছাত্রী নিপীড়নের ঘটনায় উপজেলা শিক্ষা কর্মকর্তাকে আহ্বায়ক করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
গত বুধবার প্রথম আলোয় ‘সভাপতির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ ছাপা হলে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় প্রশাসন।