যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক আটক
এক ছাত্রকে (১৪) যৌন নির্যাতনের অভিযোগে গতকাল সোমবার কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক শিক্ষককে (৪০) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
ওই শিক্ষক একটি মাদ্রাসার প্রধান। স্থানীয় সূত্রের ভাষ্যমতে, গত শনিবার রাতে ওই শিক্ষক মাদ্রাসার এক আবাসিক ছাত্রকে তাঁর কক্ষে এনে যৌন নির্যাতন চালান। রোববার ওই ছাত্র চট্টগ্রামে অবস্থানরত তাঁর মা-বাবাকে বিষয়টি জানায়। গতকাল সোমবার সকালে ছেলেটির মা-বাবা মাদ্রাসায় এসে কয়েকজন অভিভাবককে বিষয়টি জানান। এরপর স্থানীয় লোকজন জড়ো হয়ে ওই
শিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
তবে ওই শিক্ষকের দাবি, তিনি ওই ছাত্রের ওপর যৌন নির্যাতন চালাননি। স্থানীয় একটি চক্র দীর্ঘদিন ধরে তাঁকে মাদ্রাসা থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রের অংশ হিসেবে তাঁকে নোংরা একটি কাজে ফাঁসানোর চেষ্টা চলছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান বলেন, ওই ছাত্রের পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে। ডাক্তারি পরীক্ষা জন্য ওই ছাত্রকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। তিনি জানান, ওই শিক্ষককে থানাহাজতে রাখা হয়েছে।