যৌন হয়রানি: আহসানউল্লাহর শিক্ষকের বিচার শুরু
ছাত্রীদের যৌন হয়রানির মামলায় আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহফুজুর রশীদ ফেরদৌসের বিরুদ্ধে পৃথক তিনটি অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে তাঁর বিচার শুরু হলো।
আজ বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মোহাম্মদ শফিউল আজম এই অভিযোগ গঠন করেন। ১৫ নভেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
ওই আদালতের সরকারি কৌঁসুলি মোহাম্মদ আলী আকবর প্রথম আলোকে বলেন, মাহফুজুরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ও ৯ (৪খ) ধারায়, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮ ধারা এবং পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনের ৯ (খ) ধারায় অভিযোগ গঠন করা হয়েছে।
ছাত্রীদের যৌন হয়রানি করার অভিযোগ ওঠার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ৩০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের তড়িৎকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মাহফুজুরকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ৪ মে কলাবাগান থানায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। পরের দিন রমনা এলাকার একটি ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
তদন্ত শেষে গত ৩০ জুলাই মাহফুজুরের বিরুদ্ধে পুলিশের নারী সহায়তা ও তদন্ত বিভাগের উপপরিদর্শক (এসআই) আফরোজ আইরিন কলি আদালতে অভিযোগপত্র জমা দেন। গত ২৭ অক্টোবর এই মামলার অভিযোগ গঠনের শুনানি হয়। আজ অভিযোগ গঠনের আদেশ দেওয়া হলো।