যৌন হয়রানিতে অতিষ্ঠ হয়ে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌন হয়রানিতে অতিষ্ঠ হয়ে প্রতিবেশী কৃষক জনাব আলীকে হত্যার পর লাশ বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে রাখা হয়। নাটোরের সিংড়া উপজেলার শোলাকুড়া গ্রামের গৃহবধূ রিতা বেগম গতকাল সোমবার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা উল্লেখ করেন।
আদালত সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে রিতা বেগমকে (৩৫) নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মমিনুল ইসলামের আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে অপরাধ স্বীকারের পরিণতি সম্পর্কে অবহিত করেন এবং দুই ঘণ্টা সময় দেন। পরে রিতা স্বেচ্ছায়
জবানবন্দি দিতে রাজি হলে বিচারক সন্ধ্যায় তাঁর জবানবন্দি লিপিবদ্ধ করেন।
রিতার জবানবন্দির বরাত দিয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল প্রথম আলোকে বলেন, জনাব আলী তিন বছর ধরে রিতাকে যৌন হয়রানি করে আসছিলেন। তিনি এটা সহ্য করতে না পেরে তাঁর ভাগনে সুজন আলী ও দেবর লুটন আলীর সঙ্গে পরামর্শ করে জনাবকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী, গত শুক্রবার রাতে স্বামীর অনুপস্থিতিতে জনাবকে তাঁর বাড়িতে ডেকে আনেন। একপর্যায়ে সুজন ও লুটন গলায় গামছা দিয়ে জনাবের (৫২) শ্বাসরোধ করেন এবং রিতা তাঁর অণ্ডকোষ চেপে ধরেন।
এতে জনাবের মৃত্যু হয়। পরে রাতেই জনাবের লাশ একটি চটের বস্তায় ভরে বাড়ির পাশের পুকুরের কচুরিপানার নিচে ডুবিয়ে রাখেন।
গত শুক্রবার রাত থেকে জনাবের খোঁজ পাওয়া যাচ্ছিল না। গত রোববার সকালে প্রতিবেশীর পুকুর থেকে তাঁর বস্তাবন্দী লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ ঘটনায় তাঁর ছেলে আকরাম হোসেন বাদী হয়ে সিংড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় রীতাকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার দায় স্বীকার করেন।