ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বেসরকারি আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গতকাল শনিবার সাময়িক বহিষ্কার করা হয়েছে। ওই শিক্ষক বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের শিক্ষক।
এখন তদন্তের ভিত্তিতে ওই শিক্ষকের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য এ এম এম সফিউল্লাহ।
অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীরা গতকাল সকালে বিশ্ববিদ্যালয়টির তেজগাঁও ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করেন। শিক্ষার্থীদের অভিযোগ, ওই শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ওই বিভাগের ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ রয়েছে। সম্প্রতি আরেক ঘটনায় শিক্ষার্থীরা বিষয়টি প্রশাসনকে অবহিত করেন। কিন্তু ওই শিক্ষক ওই ছাত্রীকে চাপ দিয়ে মিথ্যা বিবৃতি আদায় করেন। এ জন্য তাঁরা ওই শিক্ষককে চাকরিচ্যুত করে আইনের আওতায় আনার দাবি করছেন। পরে দুপুরে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।