যৌন হয়রানির দায়ে দুই শিক্ষকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রামের আহম্মেদপুর আয়শা (রা.) মহিলা মাদ্রাসার আবাসিক ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে দুই শিক্ষককে এক বছর করে কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত শিক্ষকেরা হলেন মোবারক হোসেন (৫০) ও তাঁর জামাতা ইসমাইল হোসেন (৩০)।
ইউএনও রুহুল আমিন বলেন, বেআইনিভাবে মাদ্রাসা প্রতিষ্ঠা করায় এবং অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে মাদ্রাসাটি সিলগালা করে দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, চার বছর আগে ওই মাদ্রাসা চালু হয়। মোবারক হোসেন মাদ্রাসাটির উদ্যোক্তা। সেখানে পঞ্চম শ্রেণি পর্যন্ত আবাসিক ব্যবস্থায় ৯০ জন ছাত্রী নিজ খরচে পড়ালেখা করে। সম্প্রতি ১০ জন ছাত্রী যৌন হয়রানির শিকার হয়। এ ঘটনায় ভুক্তভোগী চারজন ছাত্রীর অভিভাবকেরা বিচার প্রার্থনা করে ইউএনওর কাছে লিখিত আবেদন করেন। তিনি অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল হক চৌধুরী গতকাল বৃহস্পতিবার বলেন, অভিযোগটি তদন্ত করতে গিয়ে তিনি অন্ততপক্ষে ১০ জন ছাত্রীর সঙ্গে কথা বলে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের সত্যতা পান। এরই পরিপ্রেক্ষিতে গতকাল পুলিশসহ অভিযান চালিয়ে মোবারক হোসেন ও ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁদের হাজির করা হয়। আদালত তাঁদের কারাদণ্ড দেন এবং জরিমানা করেন।