যৌন হয়রানির মিথ্যা অভিযোগ করায় ছাত্রী বহিষ্কৃত
যৌন হয়রানির মিথ্যা অভিযোগ করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের এক ছাত্রীকে এক শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। গত শনিবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হলেও ঘটনাটি গতকাল বুধবার জানাজানি হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য ও কলা ও মানবিকী অনুষদের ডিন সৈয়দ মোহম্মদ কামরুল আহছান।
সিন্ডিকেট ও তদন্ত কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, পরিসংখ্যান বিভাগের ৪১ ব্যাচের এক ছাত্রী রসায়ন বিভাগের একই ব্যাচের এক ছাত্র প্রফুল্ল মণ্ডলের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে অশোভন আচরণ ও যৌন নির্যাতনের অভিযোগ করেন। অভিযোগের পর হাইকোর্টের নির্দেশে গঠিত যৌন নিপীড়নবিরোধী সেল অভিযোগের তদন্ত করে। তদন্ত শেষে গত ২৪ এপ্রিল কমিটি প্রতিবেদন জমা দেয়।
প্রতিবেদনে বলা হয়, ওই ছাত্রীর করা অভিযোগ অসত্য। তিনি সুচিন্তিতভাবে প্রফুল্ল মণ্ডলকে বিপদে ফেলেছেন এবং প্রতারণার মাধ্যমে তাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়কে ব্যবহার করেছেন। এ ঘটনায় সিন্ডিকেট প্রফুল্ল মণ্ডলের কাছে দুঃখ প্রকাশ করে ওই ছাত্রীকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে।
কর্মবিরতি স্থগিত: ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার যোগ্যতা শিথিলের দাবিতে কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের ডাকা কর্মবিরতি স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ‘সকাল (গতকাল) নয়টার দিকে উপাচার্য আমাদের ডেকে ছিলেন। তিনি আশ্বাস দিয়েছেন আমাদের দাবি বিবেচনা করা হবে। তাঁর আশ্বাসের ভিত্তিতে আমরা আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত সব কর্মসূচি স্থগিত ঘোষণা করেছি।’